যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তবে পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরান যদি হরমুজ প্রণালি খুলে দিতে রাজি না হয়, তবে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলোতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পরিপ্রেক্ষিতেই আইআরজিসি তাদের অবস্থান স্পষ্ট করলো।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমেরিকা এবং তাদের সহযোগীদের অবকাঠামোর এমন দশা করবো, যা তাদের এবং এই অঞ্চলে তাদের মিত্রদের দীর্ঘ বছরের জন্য তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।’
মার্কিন নেতাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের অবকাঠামোতে হামলা হলে আমাদের যুদ্ধবিমানগুলোর সীমানার মধ্যে তাদের কোন কোন গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, তা হিসাব করার ক্ষমতা মার্কিন নেতাদের নেই।’
সূত্র: আল জাজিরা








