পাকিস্তানে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক আলোচনা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো হরমুজ প্রণালী অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধজাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত করলো।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এই প্রণালি অতিক্রম করেছে। এর আগে অ্যাক্সিওস জানিয়েছিল, বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে, তবে সেগুলো কী ধরনের জাহাজ তা সুনির্দিষ্ট করা হয়নি।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের বিষয়ে তেহরানের সঙ্গে আগে থেকে কোনও সমন্বয় করা হয়নি। এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, এটি আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে পরিচালিত একটি অভিযান।
শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানের প্রস্তুতি শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথটি অতিক্রম করেছে বলে
সেন্টকম জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) আগে যেসব মাইন পেতে রেখেছিল, সেগুলো থেকে প্রণালিটিকে সম্পূর্ণ মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশই এই রুট দিয়ে পরিবাহিত হয়।
এদিকে, শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকারী একটি মার্কিন সামরিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে।
উল্লেখ্য, ইরান যুদ্ধের শুরু থেকেই এই কৌশলগত জলপথটি নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। যুদ্ধ শুরুর পর প্রণালিতে কার্যত অবরোধ আরোপ করে ইরান।
সূত্র: টাইমস অব ইসরায়েল









