মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে তেহরানকে হরমুজ প্রণালি খুলে দিতে এবং একটি চুক্তিতে সম্মত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, একটি দেশ পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি করছে, আমরা তা হতে দিতে পারি না। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, ‘ওপারের পক্ষ’ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা একটি চুক্তিতে যেতে চায়।
এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সমস্ত বন্দরে হামলার হুমকি দিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর দিকে লক্ষ্য রেখে।
অবরোধ শুরুর পরপরই হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া অন্তত দুটি তেলবাহী জাহাজ ফিরে গেছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিক।









