সম্প্রতি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক ব্যবসায়ী ও অভিনেত্রীদের মামলার তদন্ত করবে সিআইডি। ডিবির তদন্তে থাকা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, কথিত প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলা তদন্ত করবে সিআইডি।
শুক্রবার (৬ আগস্ট) রাতে সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ সুপার আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ সদর দফতরের এক নির্দেশনায় সিআইডির কাছে সাতটি মামলা হস্তান্তর করা হয়েছে। এখন থেকে সিআইডি এসব মামলা তদন্ত করবে। মামলায় অভিযুক্ত আসামিদের দ্রুত সিআইডিতে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
মামলা হস্তান্তরের পর এরইমধ্যে পিয়াসা ও মৌকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বাকিদেরও দ্রুত নিয়ে আসা হবে বলে জানান এই সিআইডি কর্মকর্তা।









