আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারাদেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।
মাঠপর্যায়ে আনসার-ভিডিপির সদস্যরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কর্তৃপক্ষ ও প্রতিমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় প্রতিমার নিরাপত্তা, পূজাকালীন আইনশৃঙ্খলা এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আনসার বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়েও সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোকে অনুরোধ করা হচ্ছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে আনসার বাহিনী।
দুর্গাপূজাকে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপির সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে বাহিনীর আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত রয়েছে।