সীতাকুণ্ডের প্রেমতলায় ‘ছায়ানীড়’ নামের বাড়িতে জঙ্গিদের সঙ্গে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর গোলাগুলির সময় বিস্ফোরণে বাড়িটির চিলেকোঠা উড়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে সেই ছবি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। অভিযানের সময় আত্মঘাতী হামলায় নারীসহ দুই জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাড়িতে জিম্মি হয়ে পড়া সাধারণ লোকদের উদ্ধারের চেষ্টা চলছে।
ঘটনাস্থলের কাছে উপস্থিত বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, কয়েক দফায় বেশ কয়েকটি পরিবারকে উদ্ধার করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা। তবে উদ্ধারকৃদের সুনির্দিষ্ট সংখ্যা জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে প্রথমে ছয় জনকে, পরে আরও পাঁচজন এবং আরেক দফায় আটজনকে বের করে নিয়ে আসতে দেখা গেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর কামাল উদ্দিন ভুইয়া বাংলা ট্রিবিউনকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ‘ছায়ানীড়’ নামের ওই বাড়ির গ্রিল কেটে ছয় জনকে উদ্ধার করেছেন। বাড়ির ভেতর অন্ধকার হয়ে আছে। অভিযানে অংশ নেওয়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে নিরাপত্তার কারণে গণমাধ্যমকর্মী ও সাধারণ লোকজনকে ওই জঙ্গি আস্তানার ৩০০ গজেরও বেশি দূরে থাকতে বলা হয়েছে। তবে সকাল ৭টার পর ওই বাড়ি থেকে গোলাগুলি বা বিস্ফোরণের আর কোনও শব্দ পাওয়া যায়নি।
এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলায় জঙ্গি আস্তানায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে শুরু হওয়া অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। তার মধ্যে একজন নারী। আর নিহতদের মধ্যে এক জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছিল। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের এডিসি ছানোয়ার হোসেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ছায়ানীড় বাড়িতে জঙ্গিদের আস্তানায় সোয়াতের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানে তাদের সঙ্গে অংশ নিচ্ছে চট্টগ্রামের সোয়াত, র্যাব ও পুলিশ সদস্যরা।
এর আগে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় নামারবাজারে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
/এফএস/
আরও পড়ুন-
এ সম্পর্কিত আরও খবর পড়ুন-
- সীতাকুণ্ডে নিহত দুই জঙ্গির একজন নারী
- সীতাকুণ্ডে অভিযান: সোয়াত সদস্যদের ওপর জঙ্গিদের আত্মঘাতী হামলা
- সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান শুরু, চলছে গোলাগুলি
- কয়েকটি পরিবারকে জিম্মি করেছে জঙ্গিরা
- জঙ্গি আস্তানা থেকে থেমে থেমে গুলির শব্দ আসছে
- জঙ্গিরা ‘সাধনকুটির’ বাড়িটি ভাড়া নেয় ২৭ ফেব্রুয়ারি
- সীতাকুণ্ডে আটক নারীর কোমরে ছিল আত্মঘাতী ভেস্ট
- সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান: আটক ২, অবরুদ্ধ ৩







