আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭

এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে ক্রয়চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটের জন্য চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং আঞ্চলিক রুটের জন্য ছয়টি এয়ারবাস এ৩২১নিও সিঙ্গেল-আইল উড়োজাহাজ রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক রোডম্যাপ অনুযায়ী, নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ ২০৩৩ সাল থেকে বিমানের বহরে যুক্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

নতুন উড়োজাহাজগুলো জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে বিমানের দীর্ঘপাল্লার ও আঞ্চলিক পরিবহন সক্ষমতা বাড়াবে। পাশাপাশি রুট নেটওয়ার্ক সম্প্রসারণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক এভিয়েশন বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতেও এগুলো ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশীদুজ্জামান মিল্লাত, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং এয়ারবাসের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জুর্গেন ওয়েস্টারমেয়ার।

এ ছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং স্পেন, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী এম. রশীদুজ্জামান মিল্লাত বলেন, আজকের এই উদ্যোগ কেবল উড়োজাহাজ সংগ্রহ নয়; এটি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বাংলাদেশকে একটি আধুনিক এভিয়েশন হাবে রূপান্তরের বৃহত্তর লক্ষ্য বাস্তবায়নের অংশ। এ লক্ষ্য অর্জনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর, রুট নেটওয়ার্ক ও পরিচালন সক্ষমতা আরও শক্তিশালী করা হবে।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, বাংলাদেশের বড় অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির সঙ্গে শক্তিশালী আকাশ যোগাযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে পরিকল্পিত বিমানবহর সম্প্রসারণ একটি পরিমিত ও বাস্তবসম্মত উদ্যোগ।

এয়ারবাসের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের নির্বাহী সহসভাপতি (বিক্রয়) বেনোয়া দ্য সাঁ-এক্সুপেরি বলেন, এ চুক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে এয়ারবাসের অংশীদারত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এ৩৫০ ও এ৩২১নিও-এর সমন্বয় বিমানের বহর কৌশলকে আরও কার্যকর করবে এবং নতুন আন্তর্জাতিক গন্তব্যে সম্প্রসারণে সহায়তা করবে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এ চুক্তি ইউরোপের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে একটি কৌশলগত পদক্ষেপ। একই সঙ্গে এটি অর্থনৈতিক আধুনিকায়ন, নিরাপত্তা ও অর্থের সর্বোত্তম ব্যবহারের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এয়ারবাস ও বিমানের চুক্তি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার আকাঙ্ক্ষার প্রতিফলন। বাণিজ্য, বিনিয়োগ ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে।

উড়োজাহাজের বাইরে সহযোগিতা

উড়োজাহাজ ক্রয়ের পাশাপাশি এভিয়েশন প্রযুক্তি, প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, দক্ষ কারিগরি ও পরিচালন জনবল উন্নয়ন এবং পরিবেশবান্ধব এভিয়েশন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে বিমান ও এয়ারবাস।

/আইএ/এম/
সম্পর্কিত
বিশ্বের সবচেয়ে বড় বিজনেস ক্লাস আনছে ব্রিটিশ এয়ারওয়েজ
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
বিমানে ওঠার পর মোবাইলে উড়োজাহাজ মোড চালু করতে বলা হয় কেন?
সর্বশেষ খবর
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি