১০ নম্বর শর্ত থেকে মুক্ত হলো রবি

হিটলার এ. হালিম
২৪ জুন ২০২১, ১৩:০০ আপডেট : ২৪ জুন ২০২১, ১৩:০০

মূল নম্বর সিরিজ বা স্কিমের পাশাপাশি গ্রামীণফোনের ০১৩ ও বাংলালিংকের রয়েছে ০১৪ নম্বর। রবির এটা না থাকলেও অপারেটরটির সঙ্গে একীভূত হয়ে যাওয়া এয়ারটেলের ০১৬ নম্বরই হওয়ার কথা ছিল দ্বিতীয় নম্বর সিরিজ। কিন্তু একীভূতকরণের বিভিন্ন শর্তের মধ্যে এতদিন বিষয়টি আটকে ছিল। অন্যান্য ব্লক বিক্রি করতে পারলেও ০১৬০ ও ০১৬১ স্লট দুটি বিক্রি করতে পারতো না রবি।  তবে সেই বাধা কেটে গেছে।  রবি এখন নম্বরগুলো বিক্রি করতে পারছে।  টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি মার্জারের (একীভূতকরণ) ১০ নম্বর শর্ত বিশেষভাবে সংশোধন করেছে।  কারণ, সংশোধনের ক্ষমতা বিটিআরসির হাতেই ছিল। গত মার্চ মাসে বিটিআরসির ২৫১তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মোবাইল ফোন অপারেটর এয়ারটেলকে একীভূত করার সময় অনেক শর্তের মধ্যে ‘১০ নম্বর’ একটি শর্ত ছিল।  একীভূতকরণের ২ বছর পর রবি ‘এয়ারটেল’ নামের শর্ত থেকে মুক্ত হলেও মূলত একটি শর্তে আটকে ছিল।  এখন সেই শর্ত থেকেও মুক্ত হয়েছে।  ফলে ০১৬ নম্বর সিরিজের সিম বিক্রি করতে সব ধরনের বাধা কাটলো রবির।  বিটিআরসির ২৫১তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

কী ছিল শর্তে?

মার্জারের ১০ নম্বর শর্তে উল্লেখ ছিল, একীভূতকরণের পর বিটিআরসির অনুমতি ব্যতীত কোনও ০১৬ কোড সংবলিত সংযোগ ২ বছরের বেশি সময়ে বিক্রয় করা যাবে না। তবে মার্জারের অগ্রগতি বিবেচনায় বিটিআরসি প্রয়োজনবোধে এই সময়সীমা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করবে। উল্লিখিত সময়ের পর বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, ০১৬ কোডের গ্রাহককে ০১৮ কোডে স্থানান্তর করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাধান ওই শর্তের মধ্যেই ছিল।  কিন্তু কেউ সেটা খেয়াল করেনি।  এজন্যই সমস্যাটা দীর্ঘায়িত হয়েছে। আমার কাছে চিঠি আসা মাত্র শর্ত দেখে বলে দিয়েছি, মার্জারের ১০ নম্বর গাইডলাইন সংশোধন করতে হবে না।  বিটিআরসির হাতেই ক্ষমতা দেওয়া আছে। বিটিআরসি সেই ক্ষমতাবলে সমস্যাটির সমাধান করে দেবে।  এরই মধ্যে সেই সমস্যার সমাধানও হয়ে গেছে।’

রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম  বলেন, ‘মার্জার সংক্রান্ত কিছু শর্ত ছিল, সেসব দূর হয়েছে।  আর  কোনও বাধা নেই।  আমরা ০১৬ ব্লকের সব নম্বর বিক্রি করতে পারছি।’  তিনি জানান, নম্বর স্কিমের প্রতিটা স্লটে এক কোটি করে নম্বর থাকে।

জটিলতার ধরন

মোবাইল ফোন অপারেটর রবির এয়ারটেল ব্র্যান্ডের ‘০১৬’ কোডের দুটি ব্লকের নম্বর বিক্রি ও বাজারজাত নিয়ে জটিলতা ছিল দীর্ঘদিন।  রবি ‘০১৬০’ ও ‘০১৬১’ নম্বর ব্লকের কোনও নম্বর বিক্রিও করতে পারছিল না। যদিও অন্যান্য ব্লকের নম্বর বিক্রিতে বাধা ছিল না। তবে রবিকে বিটিআরসি থেকে অনুমোদন নিয়ে বিক্রি করতে হতো। ০১৬ নম্বরের জন্য অপারেটরটিকে বিটিআরসি ৬ মাস করে অনুমোদন দিতো।

বিটিআরসির ২৫০তম কমিশন বৈঠকের নথি থেকে জানা যায়, সর্বশেষ গত ৬ জানুয়ারি ০১৬ নম্বর সিরিজে ইতোমধ্যে ব্যবহৃত নম্বরগুলো রবি নেটওয়ার্কে সচল রাখা এবং ০১৬ বিপণন ও বিক্রির জন্য বিটিআরসির কাছে আবেদন করে রবি। বিটিআরসি ওই বৈঠকে ০১৬ নম্বর (দুটি ব্লক ছাড়া) আগামী ৬ মাসের জন্য বিক্রির অনুমোদন দেয়।  (সেই হিসেবে ৩১ জুলাই পর্যন্ত অপারেটরটি সিম বিক্রি করতে পারতো)।  অনুমোদন পত্রে আরও বলা হয়, যেসব নম্বর বন্ধ বা নিষ্ক্রিয় আছে, সেগুলো কোনোভাবে পুনর্ব্যবহার বা পুনরায় বিক্রি করা যাবে না।  আর  দুটি ব্লকের  (০১৬০ ও ০১৬১) নতুন নম্বর বিক্রি বা বাজারজাতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই নির্দেশনা অমান্য করলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

অপরদিকে রবি থেকে বিটিআরসিকে জানানো হয়, কারিগরিভাবে ০১৬ নম্বরকে ০১৮ করা সম্ভব নয়। এ কারণে ১০ নম্বর শর্তকে পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদন করে রবি।

 

/এপিএইচ/
সম্পর্কিত
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন
রবির আর্থিক কার্যক্রম অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম
হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী
হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী
শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার
শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’