‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে

প্রযুক্তি ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫

ই-মেইল খোঁজা, লেখার খসড়া তৈরি কিংবা নিজের চিন্তাগুলো গুছিয়ে নেওয়া; এখন এসব কাজ শুধু মুখের কথায় করা যাবে। গুগল ওয়ার্কস্পেসের জিমেইল, ডকস ও কিপে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন ‘লাইভ’ সুবিধা চালু করছে গুগল। এসব সুবিধায় ব্যবহারকারীরা টাইপ না করেও কথোপকথনের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবেন।

গুগলের নতুন এই সুবিধাগুলোর মধ্যে রয়েছে ‘জিমেইল লাইভ’, ‘ডকস লাইভ’ ও ‘কিপ লাইভ’। গুগলের জেমিনাই এআইয়ের অডিও মডেল ব্যবহার করে এসব সুবিধা তৈরি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর গুগল নতুন সুবিধাগুলো আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দিয়েছে।

মুখের কথায় জিমেইল থেকে তথ্য খোঁজা

‘জিমেইল লাইভ’ সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় ইনবক্সে থাকা ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যাবে। এ জন্য সার্চ বক্সে কিছু লেখার প্রয়োজন হবে না।

ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করে জানতে পারবেন, যেমন- কোন ফ্লাইটের গেট নম্বর কত কিংবা সন্তানের স্কুলে চলতি সপ্তাহে কী কী হচ্ছে। জিমেইল লাইভ ইনবক্সের ই-মেইলগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে উত্তর দেবে।

অর্থাৎ, অসংখ্য ই–মেইলের মধ্যে আলাদা করে খোঁজাখুঁজি না করে কথোপকথনের মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

ডকস হবে ‘চিন্তার সঙ্গী’

‘ডকস লাইভ’ সুবিধাটি মূলত লেখালেখির কাজ সহজ করার জন্য। নতুন কোনও লেখা তৈরির আগে ব্যবহারকারী শুধু নিজের চিন্তা বা প্রয়োজনের কথা জানালেই হবে। সেই কথোপকথনের ভিত্তিতে এআই সহকারী লেখাটিকে গুছিয়ে কাঠামোবদ্ধ করে একটি প্রাথমিক খসড়া তৈরি করতে পারবে।

প্রয়োজনে ব্যবহারকারীর অনুমতি নিয়ে জিমেইল, গুগল ড্রাইভ, চ্যাট এবং ওয়েব থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেও খসড়া তৈরি করতে পারবে ডকস লাইভ। এলোমেলোভাবে চিন্তার কথা বলা কিংবা কোনও বিষয় নিয়ে মস্তিষ্কে ঘুরতে থাকা ধারণাগুলোও এটি গুছিয়ে লেখার কাঠামো তৈরি করতে পারবে।

শুধু খসড়া তৈরি নয়, লেখার ধরন ও ভাষাও পরিমার্জনে সহায়তা করবে ডকস লাইভ। ফলে এটি অনেকটা ব্যবহারকারীর ‘চিন্তার সঙ্গী’ ও সহলেখকের মতো কাজ করবে।

কথার এলোমেলো ভাবনা গুছিয়ে দেবে কিপ

গুগল কিপে যুক্ত হয়েছে ‘কিপ লাইভ’ সুবিধা। সাধারণত দ্রুত কোনও ধারণা বা প্রয়োজনীয় কথা মনে এলে কিপে তা লিখে রাখা হয়। নতুন সুবিধায় টাইপ করার বদলে মুখের কথায় নিজের চিন্তা বা প্রয়োজনীয় তথ্য বলা যাবে।

ব্যবহারকারী একসঙ্গে অনেক বিষয় নিয়ে এলোমেলোভাবে কথা বললেও কিপ লাইভ সেগুলো বুঝে গুছিয়ে বিভিন্ন নোট ও তালিকায় সাজিয়ে দিতে পারবে। প্রয়োজনে নতুন নোট তৈরি কিংবা বিদ্যমান নোটও হালনাগাদ করা যাবে।

কারা ব্যবহার করতে পারবেন?

জিমেইল ও কিপে এসব নতুন এআইভিত্তিক ভয়েস সুবিধা গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য চালু করেছে। ডকস লাইভ ব্যবহারের জন্য প্রয়োজন হবে গুগল এআই প্রো বা আলট্রা সাবস্ক্রিপশন।

নতুন সুবিধাগুলো চলতি সপ্তাহ থেকেই ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে। পাশাপাশি গুগল ওয়ার্কস্পেসের ব্যবসায়িক গ্রাহকদের জন্যও শিগগিরই এসব সুবিধা চালু করা হবে।

গুগল গত কয়েক মাসে নিজেদের বিভিন্ন অ্যাপে মুখের কথায় বিভিন্ন কাজ করার সুবিধা যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় ওয়ার্কস্পেসের এসব অ্যাপে ভয়েসভিত্তিক এআই সুবিধা যুক্ত করা হলো।

সূত্র: গুগল ব্লগ

/ইউএস/
সম্পর্কিত
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
আইপি অ্যাড্রেস হ্যাকারের হাতে গেলে কতটা ঝুঁকিতে পড়ে অনলাইন নিরাপত্তা?
সর্বশেষ খবর
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ
চেম্বারে ঢুকে চিকিৎসককে পিটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে পিটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণ বন্ধ
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণ বন্ধ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ