যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এর ফলে কৌশলগত, কর্মী ও লজিস্টিক-সংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ব্যাক-অফিস স্থানান্তর স্থগিত ও গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আপডেট বন্ধ হয়ে যাওয়াসহ বড় ধরনের পরিচালনগত বিঘ্ন ঘটেছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সিস্টেম হালনাগাদের কাজের সময় ক্লাউড ওয়ানে এই অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে এবং পুরো প্ল্যাটফর্মে বিপর্যয় দেখা দেয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে হস্তক্ষেপ করে ইউএস সাইবার কমান্ড।
হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ ব্যাপ্তি বা কোনও তথ্য চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নির্দিষ্ট নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা অবস্থান, দুর্বলতা বা পরিচালনগত অবস্থা নিয়ে মন্তব্য না করার কথা জানিয়ে বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, আমরা বিমানবাহিনী বিভাগের তথ্য, সিস্টেম এবং মিশন সক্ষমতা রক্ষায় ক্রমাগত বিচক্ষণ পদক্ষেপ গ্রহণ করি।
অনুপ্রবেশকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির কন্ট্রোল প্লেনে প্রবেশ করে, যা তাত্ত্বিকভাবে উড়োজাহাজ পরিচালনা ও লজিস্টিক কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ দেয়। ২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ান মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের মতো চারটি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি চাহিদা মেটায়। এর আওতায় উত্তর আমেরিকাজুড়ে আকাশ প্রতিরক্ষা রাডারের তথ্য সংগ্রহকারী সিস্টেম এবং বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানঘাঁটিতে বোমা ও ক্ষেপণাস্ত্র নজরদারির সিস্টেম পরিচালিত হয়।
মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বৃহৎ এই ক্লাউড প্ল্যাটফর্ম প্রসঙ্গে একটি সূত্র বলেছে, এখানে অনুপ্রবেশ ঘটা একটি বড় বিষয়।
ইতোমধ্যে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর আপডেট বন্ধ থাকায় কর্মীরা নতুন সফটওয়্যার দুর্বলতা সারাতে পারছেন না।
আরেকটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর অ্যাডমিনিস্ট্রেটর অধিকারও প্রত্যাহার করা হয়েছে।
এর আগে এফবিআইয়ে দুটি, পেন্টাগন, হোমল্যান্ড সিকিউরিটি, গোয়েন্দা সংস্থা ও অর্থ মন্ত্রণালয়সহ অন্তত ছয়টি সাম্প্রতিক সাইবার হামলার ধাক্কা সামলাচ্ছে মার্কিন সরকার। ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল।
সূত্র: উইয়ন নিউজ
ঘুষের মামলায় চীনে সাবেক আঞ্চলিক প্রধানের মৃত্যুদণ্ড স্থগিত
রাতে আমিরাতের সমুদ্র সৈকতে রহস্যময় নীল আলোর ঝলকানি কেন দেখা যায়?