মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন

লন্ডন প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ২৩:০৮ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২৩:০৮

মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে পাকিস্তানে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের বার্মিংহামের তিন বাসিন্দাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। বার্মিংহাম ক্রাউন কোর্টের এই রায়কে যুক্তরাজ্যের আইনি ইতিহাসে এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

দোষী সাব্যস্ত তিনজন হলেন বার্মিংহামের বাসিন্দা মোহাম্মদ বশির (৫৫), খাতুন বি (৫৫) এবং মোবিন আখতার (৩৮)। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পরিচালিত এক ফৌজদারি মামলার বিচার শেষে এই রায় দেওয়া হয়। মানসিক সক্ষমতাহীন কোনও ভুক্তভোগীর সম্মতি ছাড়া বিয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে এটিই প্রথম সাজা। ২০২৪ সালের শরৎকালে ওই তরুণীকে প্রতারণার মাধ্যমে পাকিস্তানে নেওয়া হয়েছিল। পরে ফেরার পথে বার্মিংহাম বিমানবন্দর থেকে পুলিশ তাদের আটক করে।

২০২৪ সালের ৪ নভেম্বর তরুণীকে শোষণ ও পাচারের বিষয়ে জরুরি তথ্য পাওয়ার পর ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পাবলিক প্রোটেকশন ইউনিট তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, বিয়ের চুক্তি বোঝার বা সম্মতি দেওয়ার মানসিক সক্ষমতা না থাকা সত্ত্বেও শুধু বিয়ের উদ্দেশ্যেই তাকে বার্মিংহাম থেকে পাকিস্তানে নেওয়া হয়েছিল। অভিযুক্তরা ফিরছেন, এমন তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর বার্মিংহাম বিমানবন্দরে অভিযান চালিয়ে বশির, খাতুন ও আখতারকে আটক এবং তরুণীকে উদ্ধার করে পুলিশ। বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদে তরুণীটি বুঝতে পারেননি যে তিনি কীভাবে প্রতারিত ও শোষিত হয়েছেন।

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৪ সালের অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার, ক্রাইম অ্যান্ড পুলিশিং অ্যাক্ট-এর আওতায় জোরপূর্বক বিয়ে ফৌজদারি অপরাধ হলেও কেবল মানসিক সক্ষমতার অভাবে সাজা বিরল। আইনটি চালুর পর যুক্তরাজ্যে এ ধরনের ঘটনায় এ পর্যন্ত আটটি মামলায় সাজা হয়েছে, যার তিনটি তদন্ত করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। রাষ্ট্রপক্ষ প্রমাণ করে যে বিয়ের প্রকৃতি বা পরিণতি বোঝার মানসিক সক্ষমতা তরুণীটির ছিল না। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, সম্মতি দেওয়ার মানসিক সক্ষমতা না থাকলে শারীরিক বলপ্রয়োগ ছাড়াও বিয়ের আয়োজন দণ্ডনীয় অপরাধ। জুরি বোর্ডের রায়ে তিনজনকে দোষী সাব্যস্ত করে পরবর্তী তারিখে সাজা ঘোষণার আগ পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএসআইও মিন্ডি মাহিল ও রেবেকা পিউ ঘটনাটিকে বিশ্বাসের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। রায়ের পর মিন্ডি মাহিল বলেন, এই তিনজন অত্যন্ত অসহায় এক তরুণীর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বার্মিংহাম থেকে পাকিস্তানে নিয়ে বিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে শুরুতেই স্পষ্ট ছিল যে, তরুণীটি প্রতারণার শিকার হয়েছেন এবং বিয়েতে সম্মতি দেওয়ার মতো মানসিক অবস্থা তার ছিল না। এই স্পর্শকাতর তদন্তের পুরো সময়জুড়ে তার নিরাপত্তাই ছিল আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, সম্মতি ছাড়া কাউকে জোরপূর্বক বিয়ে দেওয়া একটি চরম নির্যাতন ও নিয়ন্ত্রণের শামিল। আমরা সবসময় এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

অভিযুক্তরা বার্মিংহাম থেকে গিয়ে একই বিমানবন্দর দিয়ে ফেরায় তদন্তকারীরা দেশের বাইরে সংঘটিত অপরাধের বিচারসংক্রান্ত আইন প্রয়োগ করতে পেরেছেন। ভুক্তভোগীর পরিচয় ও নিরাপত্তা গোপন রাখতে দোষী সাব্যস্তদের বয়স ও ঠিকানা ছাড়া অন্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

 

/এএ/
সম্পর্কিত
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ছাত্র সংসদ নেতাদের বিয়ে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির
ছাত্র সংসদ নেতাদের বিয়ে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম