স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ জন আরোহী নিয়ে ভাসমান একটি অভিবাসীবাহী নৌকা উদ্ধারের পর সেটিতে ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে। অঞ্চলটিতে অভিবাসীদের ঢল সামলাতে কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই এই ঘটনা ঘটলো।
আগামী রবিবার স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই প্রাণহানির ঘটনা বিশ্বের অন্যতম প্রাণঘাতী এই অভিবাসন রুটের ভয়াবহতাকে আবারও সামনে নিয়ে এসেছে। এবারের নির্বাচনে অভিবাসন ইস্যুটি অন্যতম প্রধান প্রচারণার বিষয়ে পরিণত হয়েছে।
ইএফই জানিয়েছে, উদ্ধার করা ১৪টি মরদেহ তীরে নিয়ে আসা হয়েছে। এর আগে সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছিল, নৌকাটির ভেতরে ৮ থেকে ১০টি মরদেহ পাওয়া গেছে এবং গুরুতর অসুস্থ অবস্থায় ছয়জনকে আকাশপথে হাসপাতালে নেওয়া হয়েছে। এল হিয়েরো দ্বীপের ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণে নৌকাটির সন্ধান পাওয়ার পর সেটিকে লা এস্তাকা বন্দরে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে, পৃথক একটি নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ৮৪ জন এল হিয়েরোর লা রেস্টিংগা বন্দরে নেমেছেন, যেখানে দ্বীপটিতে পৌঁছানো অধিকাংশ অভিবাসীর প্রাথমিক আশ্রয়কেন্দ্র ও ফিল্ড হাসপাতাল অবস্থিত।
একদিনে অভিবাসী আগমনের সর্বকালের রেকর্ড
গত অক্টোবর থেকেই ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন আশঙ্কাজনকভাবে বেড়েছে। সর্বশেষ ২৫ নভেম্বর একদিনেই রেকর্ড ২ হাজার ১০০ অভিবাসী দ্বীপপুঞ্জটিতে পৌঁছান, যাদের বেশিরভাগই ১১ হাজার ৪০০ জনসংখ্যার ছোট্ট দ্বীপ এল হিয়েরোতে নেমেছেন।
নতুন এই ট্র্যাজেডির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভীর শোক ও অসহায়ত্ব প্রকাশ করে স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিজো। তিনি লেখেন, মানবিক এই জরুরি অবস্থার শুরুটা এল হিয়েরোতে নয়, বরং সেনেগাল ও গাম্বিয়ার উপকূলে যেখানে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া