ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে মার্জিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী স্বাধীন মিয়ার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী স্বাধীন মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত মার্জিয়া আক্তার ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে। সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুমারগাতা এলাকার কানু মিয়ার ছেলে ও সিভিল সার্জন অফিসের গাড়িচালক স্বাধীন মিয়ার সঙ্গে দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে বিয়ে হয় মার্জিয়ার।
নিহতের বাবা মাদেক মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বাধীন বিভিন্ন সময় মার্জিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। ঘটনার আগের দিন বুধবার (১৮ মার্চ) মার্জিয়াকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলে স্বাধীন। বৃহস্পতিবার সকালে তাকে বাবার বাড়ি থেকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর পরিকল্পিতভাবে পুনরায় বেধড়ক মারধর করলে একপর্যায়ে মার্জিয়ার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত স্বাধীন উগ্র প্রকৃতির এবং প্রায়ই তার বাবা-মাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দিতেন। হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে স্বাধীন বিষয়টিকে ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’









