ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসের অন্তত চারটি ভবন ধসে পড়েছে। এ ছাড়া দেশটির লা গুয়াইরা ও ফ্যালকন রাজ্যও এই দুর্যোগে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কারাকাসের সান বার্নার্ডিনো এলাকায় একটি ধসে পড়া ভবনের উদ্ধারকাজ পরিদর্শনের সময় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
জাতীয় পরিষদের প্রভাবশালী সদস্য মাদুরো গুয়েরা সিএনএনকে বলেন, আমাদের দেশে আমরা যে ট্র্যাজেডি প্রত্যক্ষ করছি, তার কারণে আজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে জরুরি বা ব্যতিক্রমী পদক্ষেপ ঘোষণা করতে দেখেছি।
নিজে সশরীরে উদ্ধারকাজে রাস্তায় নেমেছেন জানিয়ে তিনি বলেন, রাজধানীতে চার-চারটি ভবন ধসে পড়ার খবর পেয়েছে সরকার। এর মধ্যে দুটি সান বার্নার্ডিনো, একটি পিন্টো স্যালিনাস এবং অন্যটি এল পারাইসো এলাকায়। বর্তমানে তারা জীবিতদের উদ্ধারের আশা নিয়ে কাজ করে যাচ্ছেন।
ভবন ধসের কারণ ও অন্যান্য এলাকার পরিস্থিতি নিয়ে মাদুরো গুয়েরা বলেন, এই এলাকায় ১৯৫০ এবং ১৯৬০-এর দশকের অত্যন্ত পুরোনো কিছু ভবন রয়েছে। এ ছাড়া আমরা পূর্ব কারাকাসের চাকো এবং বারুতা মিউনিসিপালিটিতেও ভবন ধসে পড়তে দেখেছি। এই মুহূর্তে আমাদের কাছে ধসে পড়া ভবনের সুনির্দিষ্ট কোনও সংখ্যা নেই, তবে আমরা রাস্তায় নেমে মানুষকে সাহায্য করে যাচ্ছি।
একই সাথে তিনি উল্লেখ করেন, ভূমিকম্পের এই তীব্র আঘাতে কেবল রাজধানীই নয়, দেশটির লা গুয়াইরা এবং ফ্যালকন রাজ্যও মারাত্মকভাবে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০