মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে তিনটি নতুন যুদ্ধজাহাজ এবং প্রায় ২ হাজার ৫০০ জন মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
ওই কর্মকর্তা জানান, ইউএসএস বক্সারসহ আরও দুটি যুদ্ধজাহাজ সান ডিয়েগোর নিজস্ব বন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজগুলোর সঙ্গে ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ২ হাজার ৫০০ জন মেরিন সেনাও রয়েছেন।
অপর দুজন মার্কিন কর্মকর্তাও জাহাজগুলোর মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংবেদনশীল সামরিক অভিযানের কারণে জাহাজগুলো ঠিক কোথায় অবস্থান নেবে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।
গত সপ্তাহে জাপানভিত্তিক যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে তাইওয়ান উপকূলের মহড়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কৃত্রিম উপগ্রহের ছবিতে ইউএসএস ত্রিপোলি এবং আরও একটি যুদ্ধজাহাজ ইউএসএস নিউ অরলিন্স-কে মালয়েশিয়ার পশ্চিম দিক দিয়ে সমুদ্রপথে অগ্রসর হতে দেখা গেছে।
এর মাত্র কয়েক দিন আগেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মেরিন সেনাবাহী আরেকটি যুদ্ধজাহাজ বহরকে মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। নতুন করে যুক্ত হওয়া এই দুটি মেরিন এক্সপেডিশনারি ইউনিটের মাধ্যমে ওই অঞ্চলে অতিরিক্ত ৫ হাজার মেরিন সেনা এবং কয়েক হাজার নৌসেনার সমাবেশ ঘটবে।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরও সংহত করতেই এই অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করা হচ্ছে।









