ইরানের সঙ্গে দ্রুত কোনও সমঝোতা বা চুক্তি না হলে দেশটির তেল খনিগুলো সরাসরি ‘দখল’ করে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে রবিবার তিনি এই হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তারা দ্রুত চুক্তিতে না আসে, তবে আমি সবকিছু উড়িয়ে দেওয়ার এবং তাদের তেল খনিগুলো দখল করে নেওয়ার কথা ভাবছি।
তবে একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীকালের মধ্যেই তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে ওয়াশিংটন।
ফক্স নিউজের সঙ্গে এই আলাপচারিতার কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে চরম বার্তা দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি আজই ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানোর হুমকি দেন এবং অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ দেন।
একই সাক্ষাৎকারে ট্রাম্প এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানান, চলতি বছরের শুরুতে ইরান সরকারের দমন-পীড়নের মুখে থাকা সরকারবিরোধী বিক্ষোভকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। তিনি স্বীকার করেন, কুর্দি মিলিশিয়া বাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের কাছে প্রচুর অস্ত্র পাঠানো হয়েছিল।
তবে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, আমরা বিক্ষোভকারীদের জন্য অনেক অস্ত্র পাঠিয়েছিলাম... কিন্তু আমার মনে হয় কুর্দিরাই সেই অস্ত্রগুলো রেখে দিয়েছে।
সূত্র: এপি









