ইরানের প্রধান তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপে হামলার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তেলের বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, খার্গ দ্বীপে মার্কিন হামলার খবরের পর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-এর দাম ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মে মাসে সরবরাহের জন্য প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম এখন ১১৪ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট নর্থ সি ক্রুড-এর দামও ঊর্ধ্বমুখী। জুন মাসে সরবরাহের জন্য এই তেলের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১০ দশমিক ২২ ডলারে পৌঁছেছে।
ইরানের তেল উৎপাদনের জন্য খার্গ দ্বীপ অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। হরমুজ প্রণালি নিয়ে সংঘাতের জেরে এই দ্বীপের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল








