কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র এখন এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত করতে শুরু করেছে।
বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশই এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর ইরান এই জলপথে নিয়ন্ত্রণ আরোপ করে।
ট্রাম্প লিখেছেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি এবং আরও অনেক দেশের উপকার করার জন্য আমরা এখন হরমুজ প্রণালি মুক্ত করার প্রক্রিয়া শুরু করছি। আশ্চর্যজনকভাবে, এই কাজ নিজেরা করার মতো সাহস বা ইচ্ছা তাদের নেই।
তবে ট্রাম্পের এই পোস্ট থেকে এটি স্পষ্ট নয় যে, তিনি হরমুজ প্রণালিতে মাইন অপসারণের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন নাকি সামগ্রিকভাবে ইরানের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলেছেন।









