ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর-রহমানের আদালত রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুস সোবাহান উল্লেখ করেন, আসামি জিমি ফ্যাশন ডিজাইনারের আড়ালে মাদক সেবন করে এবং পাশাপাশি সে এসব মাদকের ব্যবসাও করেন। আসামিকে আটক করার সময় ২২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ১০ দিনের রিমান্ডে নিয়ে এই তথ্য উদঘাটন করা দরকার এবং তার সঙ্গে আর কে কে জড়িত আছে সেটাও বের করা দরকার।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদনে বলেন, জিমির কাছ থেকে ২২৫ পিস ইয়াবার সম্পৃক্ততা পুরোপুরি ষড়যন্ত্রমূলক ঘটনা। একজন কস্টিউম ডিজাইনার শুধুমাত্র একজন নায়িকার জন্য না। তিনি সকল নায়িকা ও পরিচালকের জন্য কাজ করেন। যে ২২৫ পিচ ইয়াবা উদ্ধারের কথা বলা হয়েছে- তা আসলে তার কাছ থেকে পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। তাই আমি রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আসামির জিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে জিমিকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর রাজধানীর বনানী থানায় শনিবার (৭ আগস্ট) গুলশান জোনের জোনাল টিমের ডিবির উপ-পরিদর্শক উদয় কুমার মণ্ডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।









