বর্তমান প্রশাসনের ব্যর্থতার কারণে ঢাকার অব্যবস্থাপনা ও নাগরিক ভোগান্তি চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। নগরবাসীর ভোগান্তি নিরসনে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী।
শুক্রবার (২৮ আগস্ট) দলটির ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য অবহিতকরণ ও চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন অভিযোগ করেন, নগরবাসী নিয়মিত ট্যাক্স দিলেও ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ড্রেন ও খাল অপরিষ্কার থাকায় বিভিন্ন এলাকায় পানি জমছে এবং মশা-মাছির উপদ্রব বাড়ছে। পাশাপাশি যত্রতত্র বর্জ্যের স্তূপে নগরের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও জানান তিনি। ঢাকার আধুনিকায়নে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতারও সমালোচনা করেন এই জামায়াত নেতা।
সংবাদ সম্মেলনে নগরবাসীর ভোগান্তি নিরসনে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে সেলিম উদ্দিন বলেন, সিটি নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। স্থানীয় নির্বাচন নিয়ে জনগণ কোনো গড়িমসি সহ্য করবে না বলেও জানান তিনি।
আগামীতে নির্বাচিত হলে নগরজুড়ে স্মার্ট ডাস্টবিন স্থাপনসহ পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামীর এই নেতা।








