নেক্রোফিলিয়া: মৃত্যুর পরেও যখন ধর্ষণের শিকার হচ্ছেন নারী

শাহানা হুদা রঞ্জনা
০৯ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৪:০০

একজন নারীর ময়নাতদন্তের সময় সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকদের মধ্যে কিছু নিয়ে সন্দেহ দেখা দিলে, তারা মরদেহের ভিসেরা পাঠান সিআইডি’র রাসায়নিক পরীক্ষাগারে। সেখানেই ধরা পড়ে, ওই নারীর মরদেহে শুক্রাণুর উপস্থিতি। ঘটনাটি ২০২৬ এর জানুয়ারি মাসের।

মৃতদেহে শুক্রাণু এলো কীভাবে? মরদেহটি ছিল হাসপাতালের মর্গে। মর্গে কীভাবে এই ঘটনা ঘটলো? ২০২৫ সালের নভেম্বরেও এমন ঘটনা চিকিৎসকদের নজরে এসেছিলো। তখনও এক নারীর মরদেহে একাধিক পুরুষের শুক্রাণু পাওয়া গিয়েছিল। গণমাধ্যমের খবরে জানা যায়, শুধু এই দুটো নয়, আরও তিনটি ঘটনার নথি বিশ্লেষণ করে, ফরেনসিক চিকিৎসক আর সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এ ধরনের যৌনচারের কথা নিশ্চিত হওয়া গেছে।

মর্গে মৃত নারীর সঙ্গে কেউ এমন কিছু করবে, এ আমাদের কল্পনারও বাইরে হলেও বারবার একই ঘটনা ঘটছে। ঘটনাগুলো খুবই নোংরা ও বিকৃত বলে হয়তো মূলধারার মিডিয়া এগুলোকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু একবার ভাবুন মারা যাওয়ার পরেও যে নারী ধর্ষণের শিকার হচ্ছেন, উনি আমাদেরই কেউ হতে পারেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের মতো নামকরা সরকারি হাসপাতালে যদি এইরকম ঘটনা ঘটে, সেই সূত্র ধরেই দেশের সব মর্গে মৃতদেহের নিরাপত্তার প্রশ্নটি সামনে আসে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে অন্তত তিনজন চিকিৎসক গণমাধ্যমে বলেছেন, গত এক বছরে ময়নাতদন্তের সময় বেশ কয়জন নারীর মরদেহে তারা সন্দেহজনক বস্তুর উপস্থিতি পেয়েছেন। তাদের মতে, সবকিছু বিবেচনা করলে এটা বুঝতে বাকি থাকে না যে এই মর্গেই লাশের সঙ্গে যৌনাচার হয়েছে।

মৃতরা কেউ প্রতিবাদ করতে পারেন না। তাই মরদেহের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, সমাজ, এবং আমাদের। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ ঘিরে যেসব অভিযোগ উঠছে, তাতে সেই নিরাপত্তা নিয়েই এখন তৈরি হয়েছে প্রশ্ন।

২০১৯ সালে বাংলাদেশে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে নেক্রোফিলিয়ার ঘটনা; যা নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল। ২০২১ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গেও মৃত নারীর সঙ্গে যৌনাচারের প্রমাণ পাওয়া গিয়েছিল। এর আগে ১২ বছর বয়সী আরেক কিশোরী এবং চকবাজার এলাকার ৩২ বছর বয়সী এক নারীর মরদেহের সঙ্গে যৌনসংসর্গের ঘটনায়ও ঘটে লাশঘরে।

প্রতিটি ঘটনার সাথে লাশঘরের পাহারাদারের সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল। ২০২৫ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গেও যৌনাচারের অভিযোগে লাশ বাহক আবু সাঈদকে গ্রেফতার করেছিলো পুলিশ।

২০১৯ সালের ঘটনা থেকে শুরু, সাম্প্রতিক অভিযোগ, বারবার একই ধরনের ঘটনা সামনে আসা, এগুলো কোনও একজনের বিকৃত আচরণের ব্যাপার না, এর সঙ্গে মর্গের ব্যবস্থাপনা, নজরদারি, জবাবদিহি, তদন্ত আর শাস্তির প্রশ্নও জড়িয়ে আছে। একটি বিষয় স্পষ্ট, নারীর মরদেহ নিরাপদ রাখার মতো একটি কার্যকর ব্যবস্থা আমাদের হাসপাতালগুলোতে নাই।

সোহরাওয়ার্দী হাসপাতালের অধ্যক্ষ স্বীকার করেছেন ফরেনসিক চিকিৎসকদের কাছ থেকে মরদেহের সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের তথ্য পাওয়া যাচ্ছিলো, এখন তা নিয়ে তদন্ত চলছে।

একই হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বলেছেন, একটি দুটি নয়, বেশ কয়েকটি নারী মরদেহের সঙ্গে মৃত্যু-পরবর্তী যৌনাচার বা নেক্রোফিলিয়ার ঘটনা স্পষ্ট হতে থাকে।

এদিকে প্রতিবেদনটি প্রকাশ্যে আসার পরই সংশ্লিষ্ট সাংবাদিককে লক্ষ্য করে ভয়ভীতি দেখানো হচ্ছে। শুধু তাই নয়, ভারপ্রাপ্ত প্রধান জানান, তাকে ও মর্গের প্রধানকে সরে যেতে হুমকি দেওয়া হয়েছে।

সোহরাওয়ার্দীর মর্গের সাবেক ইনচার্জ যতন লালের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেক্রোফিলিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সহকারী ছিল মুন্না ভগত। দুই-তিন বছর ধরে মুন্না মর্গে থাকা মৃত নারীদের সাথে যৌনক্রিয়া করে আসছিল।
মৃত্যুর পরও যদি একজন নারী ধর্ষণের শিকার হন, তাহলে মরদেহের নিরাপত্তা কোথায়? এটা খুব অস্বস্তিকর, ভয়াবহ এবং বিকৃত মানসিকতার পরিচয়। মৃত নারীকে ধর্ষণ করার কথা সুস্থ মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব, অথচ নেক্রোফিলিয়ায় আক্রান্ত মানুষের ক্ষেত্রে তাই ঘটছে।

মৃতদেহের প্রতি এই যৌন আগ্রহ একটি মানসিক সমস্যা, যার নাম নেক্রোফিলিয়া বা মৃতকামিতা। নেক্রোফিলিয়া নানারকমের অস্বাভাবিক যৌনচিন্তা বা অস্বাভাবিক যৌন ইচ্ছার অন্তর্গত, যাকে একসঙ্গে বলা হয় প্যারাফিলিয়া।

এই নেক্রোফিলিয়া রোগটি সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষের কোন ধারণা নেই। তাই অনেকে ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না। কিন্তু অপরাধী যখন নিজের মুখে তার অপরাধ স্বীকার করেছে এবং ডাক্তাররা এই রোগ সম্পর্কে নানাধরণের তথ্য শেয়ার করছেন, তখন বুঝতে হবে এটা সত্য।

মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, নেক্রোফিলিয়া একটি ভয়াবহ রোগ। যার চিকিৎসা বাংলাদেশে এখনো তেমন একটা নেই। এসব রোগীর ক্ষেত্রে মানসিক চিকিৎসার বিকল্প নেই বলে মনে করেন তারা।

মৃতদেহের সাথে যৌনকাজ করার এই প্রবণতা নিয়ে ১৬ শতক থেকে ১৯ শতক পর্যন্ত আইন ও মেডিক্যাল সংক্রান্ত বইগুলোতে কিছু আলোচনা আছে। আরো আগেও সমাজে এটি প্রচলিত ছিল, কিন্তু মানুষের আলোচনায় ছিলনা। অভিযোগ আছে প্রাচীন যুগে সেইসব নাবিকের মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়া হতো, যারা নেক্রোফিলিয়ায় আক্রান্ত ছিল।

প্রাচীন মিশরে অনেকে নেক্রোফিলিয়ায় আক্রান্ত ছিল বলে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস লিখেছিলেন, মিশরীয়রা এই ভয় থেকেই তাদের পরিবারের সুন্দর মেয়েদের মরদেহ তিন-চার দিন ঘরে রেখে, এরপর সংরক্ষণ করতে দিতো।

বিভিন্ন সমাজে নানাধরনের নেক্রোফিলিয়া আক্রান্ত রোগী আছে। এদের কেউ মৃত ব্যক্তির সঙ্গে সরাসরি যৌনকাজ করে, কেউ দেহ বহুদিন লুকিয়ে রাখে আর দেখে, কেউ কেউ শুধু যৌনতার কথা ভেবেই আনন্দ পায়, কিন্তু শারীরিক সম্পর্ক চায় না। কেউ কেউ আছে ভিকটিমকে মেরে ফেলে যৌনকাজ করে।

সমাজে নেক্রোফিলিয়া আক্রান্ত মানুষ খুব একটা দেখা যায় না এবং এ সংক্রান্ত তেমন কোন তথ্য উপাত্তও নেই। এরপরেও অনেকে মনেকরেন ধারণার চেয়ে হয়তো বেশিই আছে এই রোগ। দেখা গেছে, যেসব মানুষ নেক্রোফিলিয়ায় আক্রান্ত, তাদের শতকরা ৫৭ ভাগেরই কোন না কোনভাবে বা পেশাগতভাবে মৃতদেহর কাছে যাওয়ার সুযোগ থাকে। যেমন ডোম, মর্গের পাহারাদার, হাসপাতালের আর্দালি এবং গোরস্থানে কর্মরত মানুষ।
 
মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, যাদের খুব দুর্বল আত্মবিশ্বাস, যারা প্রতারিত হওয়ার ভয় নিয়ে বাঁচে, অথবা যারা ভাবে এমন একজনের সাথে যৌন কাজ করতে হবে, যে তাকে বাধা দিতে পারবে না এবং যার অপ্রতিরোধ্য যৌন ইচ্ছা; তারাই নেক্রোফিলিয়ায় আক্রান্ত হতে পারে। পুরো ব্যাপারটাই একধরণের মানসিক ডিসঅর্ডার।

২০১৯ সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মুন্না যখন মৃত কিশোরীদের সাথে যৌনক্রিয়া করেছিল, তখন তার বয়স ছিল ২০। এরও আগে থেকেই সে তার মামা যতন কুমার লালের সাথে মর্গে কাজ করতো। অর্থাৎ যখন থেকে সে মর্গে লাশ নাড়াচাড়া শুরু করে, তখন সে ছিল কিশোর। এর মানে হাসপাতালের মর্গে সদ্য মৃত নারীর নগ্ন মরদেহ নাড়াচাড়া করছে ১৬-১৭ বছরের একজন কিশোর।

মুন্নার মামা যতন লাল জানিয়েছিল মুন্না গ্রামে খারাপ ছেলেদের সঙ্গে মেলামেশা করতো। অর্থাৎ মুন্নার মানসিক ডিসঅর্ডারের লক্ষণ আগে থেকেই ছিল, যা সাইকোপ্যাথিক আচরণের পূর্ব লক্ষণ।

নেক্রোফিলিয়া কেন হয় এ সম্পর্কে তেমন কোন ধারণা না থাকলেও, এর সঙ্গে ব্যক্তির জেনেটিক সম্ভাব্যতা ও বেড়ে ওঠার পরিবেশের সম্পর্ক আছে বলে মনোবিজ্ঞানীরা মনেকরেন। কখনও কখনও পরিস্থিতির কারণেও এটি তৈরী হতে পারে। তাই সবক্ষেত্রেই চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কাজী জাহেদ ইকবাল গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে প্রচলিত আইনে নেক্রোফিলিয়া সংক্রান্ত সরাসরি কোনো সুনির্দিষ্ট আইন বা শাস্তির বিধান নেই। সুনির্দিষ্ট আইনের অনুপস্থিতির কারণে বাংলাদেশে এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কঠিন হয়ে পড়ে।

তবে যথাযথ চিকিৎসা না করিয়ে শুধু শাস্তি দিলে তাকে কিছু সময়ের জন্য সমাজ থেকে দুরে রাখা যায় ঠিকই, কিন্তু সুস্থ করা যাবেনা। সেইসাথে আরও যারা এইধরণের রোগে আক্রান্ত, তাদেরও চিহ্নিত করা যাবে না। সেইজন্য সামাজিক সুস্থতার জন্য গঠনমূলক পথে এগোতে হবে এবং এরজন্য চাই বিষয়ভিত্তিক শিক্ষা ও কিছু গোপন না করে শুরুতেই ব্যবস্থা নেওয়া।

এজন্যই সময় এসেছে মর্গে নিয়োগের সময় যথাযথ স্ক্রিনিং, ট্রেনিং ও মনিটরিং, বয়স ও পূর্ব আচরণ ও সামাজিক অবস্থা সম্পর্কে জানা। আমরা যদি এই জাতীয় অপরাধকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিচার না করে, শুধু শাস্তি দেয়ার পথে যাই তাহলে অপরাধীর সংখ্যা বাড়বে।

দেশে নেক্রোফিলিয়ার ঘটনা কয়েকবার সামনে আসায় নারী মরদেহের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শিশু ও নারী বেঁচে থাকতেও এখানে ধর্ষণের শিকার হচ্ছেন, মৃত্যুর পরে লাশঘরেও তার নিষ্কৃতি নেই।  এমন ভয়ংকর ঘটনা ধামাচাপা না দিয়ে বা এড়িয়ে না গিয়ে একদিকে যেমন অভিযুক্তদের আইনের কাঠামোর মধ্যে আনতে হবে, অন্যদিকে এদের মানসিক চিকিৎসা নিশ্চিত করাও জরুরি। পরিবার এই দায়িত্ব পালন না করলে, রাষ্ট্রকে তা করতে হবে। কারণ মৃতদেহের নিরাপত্তা ও সম্মান রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রেরই।

লেখক: যোগাযোগ বিশেষজ্ঞ ও কলাম লেখক

/ইউএস/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
চীনে বহুতল ভবনে আগুন, প্রাণ হারালেন ১৪ জন
চীনে বহুতল ভবনে আগুন, প্রাণ হারালেন ১৪ জন
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমেই হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমেই হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নেক্রোফিলিয়া: মৃত্যুর পরেও যখন ধর্ষণের শিকার হচ্ছেন নারী
নেক্রোফিলিয়া: মৃত্যুর পরেও যখন ধর্ষণের শিকার হচ্ছেন নারী
যে কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘ক্ষমতার সীমা’ মনে করিয়ে দিলেন পোপ
যে কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘ক্ষমতার সীমা’ মনে করিয়ে দিলেন পোপ
সর্বশেষ সর্বাধিক