নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজদের সন্ধানে মধ্যরাতেও কাঠমান্ডুর একটি হাসপাতালের সামনে ভিড় করছেন স্বজনরা। প্রিয়জনের কোনো খবর পাওয়ার আশায় উদ্বেগ নিয়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন তারা।
বিবিসি নেপালির প্রতিবেদক শ্রীজনা শ্রেষ্ঠা কাঠমান্ডুর একটি হাসপাতাল পরিদর্শন করে জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও স্পষ্ট হয়নি। অনেক আহত ও বেঁচে যাওয়া মানুষকে হেলিকপ্টারে করে ওই হাসপাতালে চিকিৎসার জন্য আনা হচ্ছে।
হাসপাতালের বাইরে অপেক্ষা করা স্বজনদের অনেকেই জানতে চাইছেন, তাদের প্রিয়জন নিরাপদে আছেন কি না, কিংবা বেঁচে আছেন কি না। নিখোঁজদের স্বজনরা তাদের খোঁজে ছুটে বেড়াচ্ছেন।
রাম কুমারী শ্রেষ্ঠা তার স্বামীকে খুঁজছেন। পেশাগত কাজে গাড়ি চালাতে তিনি রাসুয়া এলাকায় গিয়েছিলেন। রাম কুমারী জানান, আগের রাতের পর থেকে স্বামীর সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।
প্রসঙ্গত, নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি বলছে, নেপাল পুলিশ এরইমধ্যে ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে। দুর্যোগের পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক।
উদ্ধারকারীরা কাদামাটির নিচে চাপা পড়া জীবিত মানুষ ও মরদেহ উদ্ধারে কাজ করছেন। পাশাপাশি বন্যার ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সূত্র: বিবিসি









