ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটি ত্যাগের জন্য মিসরের সিনাই উপদ্বীপের পথ ব্যবহারের পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। মঙ্গলবার ভোরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই পরামর্শ দেন।
রাষ্ট্রদূত জানান, বর্তমানে দূতাবাসের কর্মীরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং তাদের কাছে অসংখ্য মানুষ সরিয়ে নেওয়ার অনুরোধ পাঠাচ্ছেন। তবে দেশ ছাড়ার সুযোগ বর্তমানে অত্যন্ত সীমিত।
হাকাবি তার পোস্টে লিখেছেন, ‘বিকল্প পথ খুবই সামান্য। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর আবার কবে খুলবে, তা নিশ্চিত নয়।’
এমন পরিস্থিতিতে তিনি মার্কিন নাগরিকদের বাসে করে দক্ষিণ সিনাইয়ের মিসরীয় রিসোর্ট শারম আল-শেখ এবং তাবার দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এই পথটিকে তিনি বর্তমানে দেশ ত্যাগের জন্য ‘সেরা’ হিসেবে বর্ণনা করেছেন।









