যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র সমালোচনা করেছেন আরব লিগের প্রধান আহমেদ আবুল ঘেইত। রবিবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের এই হামলা কোনোভাবেই ‘যুক্তিযুক্ত নয়’। একে একটি ‘বেপরোয়া নীতি’র প্রতিফলন হিসেবে অভিহিত করেন তিনি। তার মতে, এ ধরনের হামলা বর্তমানের এই কঠিন ও নাজুক সময়ে ইরানকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলবে।
বৈঠকে আবুল ঘেইত স্পষ্ট করে বলেন, ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে আরব দেশগুলো কোনও পক্ষ নয়। তিনি আরও বলেন, আরব দেশগুলোর ভূখণ্ড মার্কিন হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না।
তিনি বলেছেন, ইরানের এই অযৌক্তিক আগ্রাসন তাদের বিভ্রান্তিকর চিন্তারই বহিঃপ্রকাশ। এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।
সূত্র: এপি









