ইরাক থেকে নিজেদের নিরাপত্তা পরামর্শক মিশন প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। উত্তর ইরাকে ব্রিটিশ, ফরাসি এবং ইতালীয় ঘাঁটিতে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিশনের সঙ্গে যুক্ত কয়েক শ কর্মীকে বর্তমানে ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে।
ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ নিশ্চিত করেছেন যে, গত শুক্রবার সর্বশেষ সেনাদলটি ইরাক ত্যাগ করেছে। নিরাপদ প্রত্যাবাসনে সহায়তার জন্য ইরাক সরকার ও মিত্রদের ধন্যবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট সেনাদের ‘প্রকৃত পেশাদার’ হিসেবে অভিহিত করেন।
২০১৮ সালে এই নন-কমব্যাট মিশনটি চালু করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল ইরাকের জাতীয় নিরাপত্তা প্রধান, প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ মন্ত্রণালয় এবং পুলিশ বাহিনীকে কার্যকর প্রতিষ্ঠান ও বাহিনী হিসেবে গড়ে তুলতে পরামর্শ দেওয়া। মূলত বাগদাদ ও এর আশপাশের এলাকায় এই মিশনের কার্যক্রম পরিচালিত হতো।
ইরাক থেকে সরিয়ে নেওয়ার পর এখন থেকে ইতালির নেপলসে অবস্থিত ন্যাটোর সদর দফতর থেকে এই মিশনের কার্যক্রম পরিচালিত হবে।
সূত্র: এপি








