ইরানের খার্গ দ্বীপ দখল করে যুদ্ধের গতিপথ পাল্টাবেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১৯:০১আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৯:২৬

পারস্য উপসাগরের নীল জলরাশিতে ভেসে থাকা মাত্র ৯ বর্গমাইলের একটি প্রবাল দ্বীপ। নাম খার্গ। ইরান থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ক্ষুদ্র ভূখণ্ডটিই এখন তেহরান-ওয়াশিংটন যুদ্ধের ভাগ্যনির্ধারক হয়ে উঠতে পারে। কারণ ইরানের মোট তেল রফতানির ৯০ শতাংশই হয় এই দ্বীপের টার্মিনাল থেকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এখন এই দ্বীপের ওপর। যুদ্ধের চার সপ্তাহ পেরিয়ে গেলেও ইরান যেভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত করে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, তাতে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। এই অচলাবস্থা ভাঙতে খার্গ দ্বীপ দখল করাকেই হয়তো ট্রাম্প ‘সেরা বিকল্প’ হিসেবে দেখছেন।

খার্গ দ্বীপ দখলের চিন্তা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। ১৯৮৮ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি ইরানের ওপর কঠোর হতাম। তারা আমাদের মনস্তাত্ত্বিকভাবে হারিয়ে দিচ্ছে। আমাদের কোনও লোক বা জাহাজে একটি গুলি লাগলে আমি খার্গ দ্বীপে হানা দিতাম। আমি সেখানে গিয়ে দ্বীপটি দখল করে নিতাম।”

তবে বর্তমানে ট্রাম্পের অবস্থান কিছুটা রহস্যময়। গত সোমবার তিনি ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনার কথা বলে বোমা ফাটিয়েছিলেন। কিন্তু তিন দিন পরই আবার সুর বদলে ক্যাবিনেট মিটিংয়ে বলেন, “আমি জানি না কোনও চুক্তি হবে কিনা। আমি চুক্তির জন্য মরিয়া নই। আমার কিছু যায় আসে না! আমাদের আরও কিছু লক্ষ্যবস্তু আছে, যা আমরা যাওয়ার আগে আঘাত করতে চাই।” বিশ্লেষকদের ধারণা, সেই লক্ষ্যবস্তুগুলোর তালিকায় শীর্ষে আছে খার্গ।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মনে করেন, এটাই মোক্ষম সময়। তিনি লিখেছেন, “এই যুদ্ধের কৌশলগত দাবার ছকে খার্গ দ্বীপ হলো পরবর্তী ঘুঁটি। এটিই যুদ্ধের জয়-পরাজয় নির্ধারণ করতে পারে।”

খার্গ দ্বীপ দখলের জন্য বড় আকারের সৈন্যবাহিনী প্রয়োজন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ১ হাজার প্যারাট্রুপার এবং ৫ হাজার মেরিন সেনাকে উপসাগরের দিকে পাঠিয়েছে। ইউএসএস ত্রিপোলি নামক যুদ্ধজাহাজে করে আসা এই মেরিন সেনারা খার্গ অভিযানে মূল ভূমিকা রাখতে পারে।

তবে অভিযানটি সহজ হবে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্যমতে, ইরান এই দ্বীপে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। সম্প্রতি সেখানে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ইয়োভ গ্যালান্ট সতর্ক করে বলেছেন, “এটি আধুনিক যুদ্ধের অন্যতম কঠিন অপারেশন। নরম্যান্ডি ল্যান্ডিংয়ের মতো এখানেও জল, স্থল ও আকাশপথের নিখুঁত সমন্বয় প্রয়োজন।”

দ্বীপ দখল করার চেয়ে তা ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য বেশি চ্যালেঞ্জিং হতে পারে। ইরান তার রকেট আর্টিলারি এবং আত্মঘাতী ড্রোনের নিশানা বানাতে পারে এই দ্বীপকে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত শাহেদ ড্রোন এখন ইরানের বড় অস্ত্র। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া এই মাসেই ইরানকে বিপুল পরিমাণ ড্রোনের চালান পাঠাতে শুরু করেছে। সস্তা কিন্তু কার্যকর এই ড্রোনগুলো দিয়ে মার্কিন সেনাদের ওপর একঝাঁক ড্রোনের অতর্কিত হামলা চালাতে পারে তেহরান।

অনেকে মনে করেন খার্গ দ্বীপ আজ দখল করলেই ইরানের অর্থনীতি কাল ধসে পড়বে। কিন্তু বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করছেন। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ-এর গবেষক রাজ জিমত বলেন, “ইরান ২০১৮ সালেও রফতানি কমে যাওয়ার পর টিকে ছিল। খার্গ দ্বীপ দখলের অর্থনৈতিক প্রভাব বুঝতে হয়তো কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে।”

ট্রাম্প যদি শুধু তেল রফতানি বন্ধ করতে চান, তবে দ্বীপ দখল না করে সমুদ্রপথে ইরানি জাহাজগুলো আটকে দেওয়া বা দূরপাল্লার বিমান হামলা চালিয়ে স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া অনেক কম ঝুঁকিপূর্ণ বিকল্প হতে পারে।

ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসিজ (এফডিডি)-এর সিনিয়র অ্যাডভাইজার রিচার্ড গোল্ডবার্গ মনে করেন, খার্গ দ্বীপ দখল করে শুধু একটি চুক্তিতে আসা হবে ঐতিহাসিক ভুল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে