ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের উল্লম্ফন ঘটবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি হবে একটি ‘রকেট শিপের’ মতো, যা দ্রুতগতিতে ওপরের দিকে ছুটবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মিয়ামিতে অনুষ্ঠিত এফআইআই প্রায়োরিটি সামিটে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। তিনি ইঙ্গিত দেন, ইরান যখন পারমাণবিক অস্ত্রের পিছনে হাঁটা বন্ধ করবে এবং সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করা থেকে বিরত থাকবে, তখন পুরো বিশ্বই এর সুফল ভোগ করবে।
ট্রাম্প বলেন, আমার মনে হয় আপনারা অর্থনীতির একটি রকেট গতি দেখতে পাবেন। কারণ তখন আমাদের মাথার ওপর কোনও যুদ্ধের ছায়া ঝুলে থাকবে না।
বক্তব্য চলাকালে ট্রাম্প শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনকে খুব একটা গুরুত্ব দিতে রাজি হননি। তিনি বলেন, পরিস্থিতি অতটা খারাপ নয়।
এ ছাড়া জ্বালানি তেলের বর্তমান দামের তুলনায় ভবিষ্যতে তেলের দাম আরও বাড়বে বলে তিনি মনে করেন।









