কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। শনিবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসহাক দার জানান, নতুন এই সমঝোতার আওতায় প্রতিদিন পাকিস্তানের পতাকাবাহী দুটি করে জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করতে পারবে।
ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ইরানের একটি গঠনমূলক পদক্ষেপ এবং অবশ্যই প্রশংসার দাবি রাখে। এটি শান্তির পূর্বাভাস এবং অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
ইসহাক দার আরও উল্লেখ করেন, এই পদক্ষেপ উত্তেজনা প্রশমনে একটি অর্থবহ ভূমিকা রাখবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
সূত্র: এপি









