ইরানের ওপর পরিকল্পিত নৌ-অবরোধ শুরু হওয়ার পরপরই এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, কোনও ইরানি জাহাজ যদি এই অবরোধের ‘ধারে-কাছে’ আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।
ট্রাম্প তার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর একটি বড় অংশ ধ্বংস হয়ে গেলেও তেহরানের কাছে এখনও কিছু দ্রুতগামী আক্রমণকারী জাহাজ অবশিষ্ট রয়েছে।
সরাসরি হুমকি দিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘সতর্কবাণী: যদি এর মধ্যে কোনও জাহাজ আমাদের নৌ-অবরোধের ধারে-কাছে আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন করা হবে। সমুদ্রে মাদক ব্যবসায়ীদের নৌযানের বিরুদ্ধে আমরা যে পদ্ধতি ব্যবহার করি, এখানেও ঠিক তাই করা হবে।
নিজের এই কঠোর অবস্থানের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘এটি হবে অত্যন্ত দ্রুত ও নৃশংস।’
সূত্র: এপি








