জার্মানির মিউনিখে অলিম্পিয়া শপিং সেন্টারে বন্দুকধারীদের হামলায় নিহত ৯ জনের একজনকে হামলাকারী হিসেবে সন্দেহ করছে পুলিশ। যদিও এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ব্যাগওয়াল এক যুবকের লাশ পাওয়া গেছে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে। তবে পুলিশ এখনও নিশ্চিত নয়, মৃত যুবক হামলাকারী নাকি বন্দুকধারীর হামলায় নিহত কেউ।
টুইটারে মিউনিখ পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের একজন হামলাকারী হতে পারেন। তারা বিষয়টি যাচাই করছে। যাকে হামলাকারী বলে মনে করা হচ্ছে তার লাশ পাওয়া গেছে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে। তার সঙ্গে একটি ব্যাগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নিহত ব্যক্তি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু বলেনি।
জার্মানির সংবাদ মাধ্যম ডের স্পেইজেল জানিয়েছে, নিহত যুবকের লাশ পরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের রোবট পাঠানো হয়েছে। রোবট লাশটির সঙ্গে কোনও বিস্ফোরক আছে কিনা তা পরীক্ষা করে দেখবে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যার লাশ পাওয়া গেছে তাকে হামলার সময় শপিং সেন্টারে ধারণ করা ভিডিওতে দেখা গেছে। তার সঙ্গে থাকা লাল ব্যাগ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ব্যাগ থাকার ফলে পুলিশ সন্দেহ করছে লাশের সঙ্গে বিস্ফোরক থাকতে পারে। ফলে নিশ্চিত হওয়ার জন্য রোবট পাঠানো হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের একটি শপিং সেন্টারে এ হামলা চালায় বন্দুকধারীরা। পুলিশ তিন হামলাকারীদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে। হামলায় এ পর্যন্ত এক সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত ৯ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও ২০ জন।
এর আগে পুলিশ নিশ্চিত করে ম্যাকডোনাল্ডসে তিন বন্দুকধারী হামলা চালিয়েছে। উত্তর মিউনিখের বেশ কয়েকটি সড়ক পুলিশ বন্ধ করে দিয়েছে এবং মহাসড়কে অবস্থান না করার নির্দেশ দিয়েছে। জার্মান বর্ডার পেট্রল হেলিকপ্টার মিউনিখের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। তিন বন্দুকধারীর খোঁজে পুরো মিউনিখ শহর প্রায় অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। বাস, ট্রেন ও ট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জার্মান পুলিশ পরিস্থিতিকে ‘সন্ত্রাসী হামলার হুমকি পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া পুলিশের অভিযানের ভিডিও ও ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। জনসাধারণকে উদ্দেশ্য করে পুলিশ জানিয়েছে, শহরের অলিম্পিক পার্কে এখনও পুলিশের অভিযান চলছে। পুলিশ এখনও বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে পারেনি। তাই সাধারণ মানুষদের ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্র: আরটি ডট কম, ডের স্পেইজেল।
এ সম্পর্কিত আরও খবর-
- জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা
- এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দ্বিতীয় দফায় হামলা
- মিউনিখ হামলা: বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই ছিল: প্রত্যক্ষদর্শী লিন স্টেইন
- জার্মান শপিং সেন্টারে হামলা: হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা
- জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ পুলিশের
- ভিডিওতে মিউনিখ হামলার পর আতঙ্কিত মানুষের ছোটাছুটি
- তিন বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
- মিউনিখ হামলায় এ পর্যন্ত নিহত অন্তত ৯
- জার্মানির শপিং সেন্টারে হামলাকে ‘সম্ভাব্য’ সন্ত্রাসী হামলা বলছে পুলিশ
- মিউনিখে ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
- স্টোর রুমে লুকিয়ে আছেন দোকান কর্মচারী
- ছবিতে জার্মানির শপিং সেন্টারে হামলা
- বাড়ি ফিরতে না পারা মানুষরা মসজিদে রাত্রি যাপন করতে পারবেন
/এএ/








