নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (২২ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই খোলার সম্ভাবনা নেই
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মালয়েশিয়াকে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তবে পদ্ধতিগত কারণে এখনই কিংবা আগামী কয়েক মাসের মধ্যে শ্রমবাজার খোলার সম্ভাবনা নেই। নিয়োগ পদ্ধতি চূড়ান্ত করে সমঝোতা স্মারক সই হওয়ার পর শ্রমবাজার খুলতে পারে। দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা
সরকারি চাকরিজীবীদের জন্য ১১ বছর পর আসছে নতুন বেতন কাঠামো। আগামী ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
নতুন ঠিকানায় এসে অভিমানে যেন মুখ ফিরিয়ে নিয়েছে বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘি থেকে সরিয়ে আনা সেই কুমির। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনার পর কেটে গেছে ১৯ দিন। মাছ, মুরগি কিছুই খাচ্ছে না প্রায় ৪৫ বছর বয়সী মাদি কুমিরটি। এমনকি সহজ শিকারের জন্য জীবন্ত হাঁস বেঁধে রাখা হলে সেটিও খায়নি।
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে?
বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে ইরান। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে একটি চিঠিও রেখে গেছে দলটি। সেখানে শহরটির আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মর্যাদা নিয়ে বিদায় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ শিক্ষার্থী
ভারতের উত্তর প্রদেশের লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির ভেতর আটকে পড়া অন্তত ১৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আগুন থেকে বাঁচতে বহুতল ভবনটির প্রথম তলা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী নিচে লাফিয়ে পড়তে বাধ্য হয়। সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনৌর আলীগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
বিশ্বকাপ ফুটবলের উম্মাদনার মাঝে বিশ্বমঞ্চে এক অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ডিজে সানজয়। সম্প্রতি বিশ্বখ্যাত তারকা নোরা ফাতেহির সাথে তার বিশ্বকাপের থিম সং ‘সির সির’ (Sir Sir) মুক্তির পর এবার খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি।








