এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ২০:৫৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০:৫৫

শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা বড় কোনও সংগঠনের সদস্যদের নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ পরিচালনা করতে গেলে সদস্যসংখ্যার সীমাবদ্ধতায় প্রায়ই একাধিক গ্রুপ তৈরি করতে হয়। এ সমস্যা কমাতে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ১ হাজার ৫০০ জন সদস্য যুক্ত করার সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। আগে একটি গ্রুপে সর্বোচ্চ ১ হাজার ২৪ জন সদস্য রাখা যেত। নতুন সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস, উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্যই পর্যায়ক্রমে চালু হচ্ছে।

নতুন সদস্যসীমা কার্যকর হলে একটি গ্রুপে আগের তুলনায় ৪৭৬ জন বেশি সদস্য যুক্ত করা যাবে। ফলে বড় কোনও প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব কিংবা স্থানীয় কমিউনিটির সব সদস্যকে একই গ্রুপে রাখার সুযোগ তৈরি হবে। আগে সদস্যসংখ্যা ১ হাজার ২৪ জন ছাড়িয়ে গেলে গ্রুপ অ্যাডমিনদের নতুন গ্রুপ তৈরি করতে হতো। এতে একই প্রতিষ্ঠানের বা সংগঠনের সদস্যদের কাছে তথ্য ও ঘোষণা পৌঁছাতে একাধিক গ্রুপে আলাদাভাবে বার্তা পাঠানোর প্রয়োজন হতো। নতুন সদস্যসীমা চালু হলে একটি গ্রুপের মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ রাখা সহজ হবে।

সুবিধাটি শুধু সাধারণ গ্রুপ চ্যাটের জন্য নয়, হোয়াটসঅ্যাপ কমিউনিটির অধীনে তৈরি পৃথক গ্রুপগুলোর ক্ষেত্রেও কার্যকর হবে। তবে কমিউনিটির মূল অ্যানাউন্সমেন্ট গ্রুপের সদস্যসীমা অপরিবর্তিত থাকবে। এসব গ্রুপে আগে থেকেই সর্বোচ্চ ২ হাজার সদস্য যুক্ত করার সুযোগ রয়েছে।

নতুন সীমা ব্যবহারের জন্য গ্রুপ অ্যাডমিনদের আলাদা কোনও সেটিংস চালু করতে হবে না। বিদ্যমান গ্রুপগুলোও স্বয়ংক্রিয়ভাবে নতুন সদস্যসীমার আওতায় আসবে। তবে সুবিধাটি সবার জন্য একসঙ্গে চালু হচ্ছে না। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করলেও কোনও কোনও অ্যাকাউন্টে এখনো আগের সীমা দেখা যেতে পারে। পর্যায়ক্রমে সবার ডিভাইসে আপডেটটি পৌঁছালে এসব গ্রুপেও নতুন সীমা অনুযায়ী অতিরিক্ত সদস্য যুক্ত করা যাবে।

বড় গ্রুপে বিপুলসংখ্যক বার্তার মধ্যে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সহজ করতে সম্প্রতি আরও কয়েকটি সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। এখন গুরুত্বপূর্ণ বার্তা দীর্ঘ সময়ের জন্য পিন করে রাখা যায়। এ ছাড়া কেউ বার্তায় মেনশন করলে বা কোনও বার্তার জবাব দিলে তা সহজে খুঁজে পেতে চ্যাট ফিল্টার করার সুবিধাও রয়েছে। নতুন সদস্য যুক্ত হওয়ার পর পুরোনো সদস্যরা চাইলে তাদের কাছে গ্রুপের সাম্প্রতিক বার্তার হিস্ট্রিও শেয়ার করতে পারেন। এতে নতুন সদস্যদের আগের আলোচনা সম্পর্কে ধারণা পাওয়া সহজ হয়।

তবে ১ হাজার ৫০০ সদস্যের গ্রুপে হোয়াটসঅ্যাপের ‘অডিও হ্যাংআউটস’সুবিধা ব্যবহার করা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এ সুবিধায় গ্রুপের সদস্যরা একসঙ্গে লাইভ ভয়েসে কথা বলতে পারেন। নতুন সদস্যসীমা চালু হলে এটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালুর নির্দিষ্ট সময়সূচি এখনও ঘোষণা করেনি মেটা। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে আপডেটটি পৌঁছানোর কথা রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
২৪ ঘণ্টায় ৪৭ হাজার কোটি টাকার বেশি আয়, হলিউডকেও টেক্কা দিল ‘জিটিএ-৬’
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানোয় ভারতে মেটার কার্যালয়ে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত
ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত
গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো একদল লোক
গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো একদল লোক
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া