বাজেটে সব ধরণের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। ফলে আইসক্রিমের দাম বাড়বে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রাজস্ব আদায় বৃদ্ধি ও করপরিপালন বৃদ্ধির লক্ষ্যে অর্থমন্ত্রীর প্রস্তাবনায় বলা হয়, সকল ধরণের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।
কার্বনেটেড বেভারেজ বাংলাদেশ মান অনুযায়ী (বিডিএস ১১২৩:২০১৩) নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয়’র (ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার) ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
এ ছাড়া বাংলাদেশ মান অনুযায়ী (বিডিএস ১১২৩:২০১৩) সংজ্ঞায়িত কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের ওপর বিদ্যমান ৩৫ শতাংশ সম্পূরক শুল্কের পরিবর্তে ৪০ শতাংশে সম্পূরক শুল্ক নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।









