বাজেটের ওপরে সাধারণ আলোচনা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ২০:১৪ আপডেট : ১১ জুন ২০২৪, ২০:১৪

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদে এ আলোচনা শুরু হয়। প্রথম দিনের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য নূর মোহাম্মদ শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগ করার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন। জামালপুর-১ আসনের সংসদ সদস্যা নূর মোহাম্মদ বলেন, ‘অতীতেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। সরকার কর ফাঁকিদাতাদের বিশেষ সুবিধা দিলেও সৎ করদাতাদের সঙ্গে বৈষম্য করতে পারে না।’ ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগকে বৈষম্যমূলক ও অনৈতিক বলে উল্লেখ করেন তিনি।

নূর মোহাম্মদ  এমপি বলেন, ‘গত দুই মাস যাবত দেখা যাচ্ছে, শেয়ারবাজার একেবারে তলানিতে। এটা এমন পর্যায়ে চলে গেছে— যা নিয়ে বলার কোনও উপায় নেই। এখানে অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ রাখতে পারতেন।’ তিনি বলেন, ‘আমি অনুরোধ করছি, যদি সম্ভব হয় শেয়ারবাজারে কালো টাকা সাদা করবার সুযোগ করবেন।’ একইসঙ্গে শেয়ারবাজারের করও প্রত্যাহার করার দাবি করেন তিনি।

সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ করের প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নূর মোহাম্মদ বলেন, ‘আমরা নতুন সংসদ সদস্য। এটা করতে পারেন যারা বিগত দিনে সংসদ সদস্য হয়েছেন তাদের ক্ষেত্রে, আমাদের (প্রথমবার নির্বাচিত) ক্ষেত্রে পুনর্বিবেচনা করতে পারেন। অথবা না করলে না হয় এমন শুল্ক ধরে দিতে পারেন।’

তিনি বলেন, ‘দুর্নীতি এখন সবচেয়ে বেশি উচ্চারিত হয়। এমন সব ব্যক্তির নাম সংবাদ মাধ্যমে আসছে, যাতে আমাদের (আওয়ামী লীগ) বিব্রত হতে হচ্ছে। বড় বড় পদে থেকে এত দুর্নীতি করা হয়েছে, যা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের কিছু লোক দ্রুত ধনী হয়ে যাচ্ছে। এই তালিকায় বাংলাদেশের নাম ওপরের দিকে।’

সরকারি দলের সংসদ সদস্য আবু জাহির বলেন, ‘অনেকে সমালোচনা করছেন, এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বিএনপির আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান নিজেই কালো টাকা সাদা করেছিলেন, এমনকি তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছিলেন।’ তিনি বলেন, ‘বিএনপি ও এরশাদের আমলে বাজেট ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষ রাস্তায় বিক্ষোভ দেখাতো। এখন সেটা হয় না। এখন মানুষ উল্লাস দেখায়।’

নিলুফার আনজুম এমপি বলেন, আমাদের দেশে বিপুল জনগোষ্ঠী শিক্ষিত বেকার। শিক্ষাজীবন শেষে চাকরিতে প্রবেশের আগে, বা ব্যবসা শুরুর আগে বেকারদের জন্য অর্থমন্ত্রীর কাছে সাময়িক ভাতার দাবি করেন তিনি। স্যানিটারি ন্যাপকিনে ভর্তুকি দিলে বাজেট আরও মানবিক হতো বলে মনে করেন নিলুফার আনজুম।

সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক বসানো প্রসঙ্গে তিনি বলেন, আগে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারতেন। এবার শুল্কযুক্ত করেছেন অর্থমন্ত্রী। যাকে আমি যুগান্তকারী বলবো। এটাকে মহৎ সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনার জন্য কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বাজেটে এটা নতুন কিছু নয়। পঁচাত্তরের পর থেকে শুরু ১৯৭৬ থেকে ৮০ পর্যন্ত ৫০ কোটি ৭৬ লাখ টাকা সাদা করা হয়। এরপর ৮১ লাখ টাকা। এভাবে চলে এসেছে অদ্যাবধি।’

এইচএম ইব্রাহিম বলেন, ‘শ্রমিকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অন্যতম হলো আবাসন নিরাপত্তা। এক্ষেত্রে বড় বড় বেসরকারি কল-কারখানাগুলোতে আবাসন ব্যবস্থা করার ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যায়। ফলে কর্মীরা তাদের সর্বোচ্চ দক্ষতা প্রদান করতে পারে না। কল-কারখানার শ্রমিকদের নিয়োগপত্র দিতেও অনীহা প্রকাশ করা হয়, এতে শ্রমিকরা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হন।’ তিনি বেসরকারি কলকারাখানায় আবাসন ও বাধ্যতামূলক নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করতে শ্রমমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। রাইড শেয়ারিং কোম্পানিগুলো ভ্যাট-ট্যাক্স দেয় কিনা, সেটা অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে কাজী কেরামত আলী বলেন, ‘খেলাপি ঋণ আাদায়ে মনোযোগ দিতে হবে। অনেকে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করেন। এ দিকে দৃষ্টি দেওয়া উচিত।’

প্রথম দিন অন্যদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্য এসএম কামাল, নাইমুজ্জামান, হাবিবুন্নাহার লাইলী, তৌহিদুজ্জামান, কাজী কেরামত আলী, আবুল কালাম আজাদ, মঈনুল হাসান খান, মাহবুব রহমান, স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকার প্রমুখ বাজেট আলোচনায় অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
৩০ জুন ২০২৪, ১৪:৪১
১১ জুন ২০২৪, ২০:১৪
বাজেটের ওপরে সাধারণ আলোচনা শুরু
সম্পর্কিত
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
সর্বশেষ খবর
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির