কক্সবাজারে একটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্র উন্মোচিত হওয়ার ঘটনাকে কেবল পুলিশের আরেকটি সাফল্যের গল্প হিসেবে দেখলে চলবে না। আসামিদের গ্রেফতার, শত শত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা এবং সন্দেহভাজন স্ক্যাম নেটওয়ার্কের আস্তানা ভেঙে দেওয়া নিঃসন্দেহে বড় ঘটনা। তবে আসল প্রশ্ন হলো—এ ধরনের একটা অপরাধ চক্র বাংলাদেশে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেলো কীভাবে?
প্রতিবেদন অনুযায়ী, মেরিন ড্রাইভের একাধিক রিসোর্টে বেশ কয়েকজন চীনা নাগরিক অবস্থান করছিলেন এবং হিমছড়ির একটি রিসোর্টে রীতিমতো অত্যাধুনিক ডিজিটাল ল্যাবরেটরি গড়ে তুলেছিলেন। তদন্তকারীদের মতে, সেখান থেকে কম্পিউটার, মনিটর, শত শত মোবাইল ফোন ও নানা প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এশিয়ার কয়েকটি দেশের বিনিয়োগকারীদের ব্ল্যাকমেইল ও প্রতারণা করাই ছিল এই চক্রটির মূল লক্ষ্য। সম্পূর্ণরূপে সক্রিয় হওয়ার আগেই চক্রটিকে ধরে ফেলে ধ্বংস করে দেওয়ার জন্য পুলিশ অবশ্যই প্রশংসার দাবিদার। তবে কেবল কক্সবাজার নয়, এই ঘটনা পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার গভীর দুর্বলতাগুলোকে জনসমক্ষে নিয়ে এসেছে।
তদন্তে ইঙ্গিত মেলে যে বিদেশি নাগরিকরা কয়েক মাস ধরে দফায় দফায় বাংলাদেশে আসছিলেন। তারা একাধিক সম্পত্তি ভাড়া নেন, প্রযুক্তি সরঞ্জাম নিয়ে আসেন এবং একটি অত্যন্ত সুসংগঠিত কাজের পরিবেশ তৈরি করেন। অথচ, সরকারের বিভিন্ন সংস্থার কাছে এ নিয়ে ছিল অসম্পূর্ণ ও বিচ্ছিন্ন তথ্য।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিদেশি নাগরিকদের প্রবেশের কথা জানলেও গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর কাছে তাদের আসল কাজকর্ম নিয়ে স্পষ্ট চিত্র ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক এখানেই বাংলাদেশকে সংস্কার আনতে হবে।
এই ডিজিটাল যুগে এসে জাতীয় নিরাপত্তা কোনও একটি সংস্থার আকস্মিক নজরদারির ওপর নির্ভর করে বসে থাকতে পারে না। বিটিআরসি, স্পেশাল ব্রাঞ্চ, ইমিগ্রেশন, সাইবার গোয়েন্দা ইউনিট এবং আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে যেকোনও অস্বাভাবিক ডিজিটাল বা আর্থিক লেনদেনের তথ্য রিয়েল-টাইমে শেয়ার করার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা থাকা জরুরি।
কক্সবাজারের এই ঘটনা কেবল গুটিকয়েক আসামিকে গ্রেফতারের মাধ্যমেই শেষ হওয়া উচিত নয়, বরং পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার একটি পর্যালোচনার সূচনা হওয়া উচিত। এর পেছনে আরও একটি বিষয় গুরুত্ব পাওয়ার দাবি রাখে। আন্তর্জাতিক স্ক্যাম-সেন্টারগুলো সাধারণত আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপন ও ভুয়া চাকরির ফাঁদ দিয়ে লোক রিক্রুট করে থাকে। বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী এবং দ্রুত বাড়তে থাকা ডিজিটাল নেটওয়ার্কের কারণে দেশটি যেমন ভিকটিমদের হটস্পট হতে পারে, তেমনই অপরাধী চক্রের সদস্য সংগ্রহের ট্রানজিট পয়েন্টও হয়ে উঠতে পারে।
কক্সবাজারের ঘটনায় বাংলাদেশি পাচার হওয়ার চেয়ে বিদেশি নাগরিকরা দেশে এসে ঘাঁটি গেড়েছিল। তবে মূল শিক্ষাটা একই—অনলাইনে চাকরির লোভনীয় প্রলোভনই হতে পারে, অনেক বড় কোনও আন্তর্জাতিক অপরাধের প্রথম ধাপ। তাই ইমিগ্রেশন, আইন প্রয়োগকারী সংস্থা এবং বৈদেশিক কর্মসংস্থান নিয়ে কাজ করা দফতরগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক রিক্রুটমেন্ট ওয়েবসাইট, ভুয়া অ্যাপ ও সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনগুলোতে নিয়মিত ও কঠোর নজরদারি চালাতে হবে।
লক্ষ্যটা বৈধ কর্মসংস্থান বা বিদেশযাত্রায় বাধা দেওয়া নয়, বরং মানুষ প্রতারণার শিকার হওয়ার আগেই অপরাধী চক্রগুলোর রিক্রুটমেন্ট বন্ধ করা। জব্দ করা ডিভাইসগুলো বিশ্লেষণ করলে হয়তো জানা যাবে এই চক্রটি কী কী করছিল, আর আর্থিক রেকর্ডগুলো খুঁজে বের করবে মূল মাস্টারমাইন্ডদের।
প্রচুর পরিমাণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহারের খবরটি বিশেষভাবে খতিয়ে দেখা দরকার। এই নেটওয়ার্কে টাকা কীভাবে ঢুকছিল, আর বের হচ্ছিল এবং অর্থের মূল উৎস লুকাতে কোনও মধ্যস্থতাকারী ব্যবহার করা হচ্ছিল কিনা, তা তদন্তকারীদের নিশ্চিত হতে হবে।
পাশাপাশি হুন্ডি কিংবা ক্রিপ্টোকারেন্সির মতো অবৈধ ব্যাংকিং চ্যানেলের সাথে এই অপারেশনের সংযোগ ছিল কিনা, তাও খতিয়ে দেখা দরকার। এই নির্দিষ্ট মামলায় এগুলো ব্যবহৃত হয়েছে কিনা, তা এখনই নিশ্চিত বলা না গেলেও প্রমাণ মেলাসাপেক্ষে এসব দিকও তদন্তের আওতায় আনতে হবে।
বাংলাদেশ ব্যাংক এবং বিএফআইইউ-কে সাইবার তদন্তের সাথে আর্থিক অপরাধের যোগসূত্র মিলিয়ে তদন্ত চালানোর মতো পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে হবে। কেবল পিসির সামনে বসে থাকা অপারেটরদের গ্রেফতার করাই যথেষ্ট নয়, যদি না টাকার উৎস ও মূল আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করা যায়।
মামলাটির আন্তর্জাতিক ব্যাপ্তি কূটনৈতিক ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে। এতে চীনা নাগরিকদের সম্পৃক্ততা থাকায় বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের বর্তমান যোগাযোগ ইঙ্গিত দেয় যে কীভাবে কূটনৈতিক আলোচনা আইন প্রয়োগে সাহায্য করতে পারে। তবে আন্তর্জাতিক সাইবার অপরাধ দমনে আন্তর্জাতিক আইনি কাঠামো ব্যবহার করাও অতীব জরুরি।
সন্দেহভাজনদের ট্রেস করা, ডিজিটাল আলামত সংরক্ষণ, অপরাধের মাধ্যমে উপার্জিত অর্থ ফ্রিজ করা এবং সীমান্ত পেরিয়ে অপরাধীদের ধরার জন্য ইন্টারপোল, আঞ্চলিক পুলিশ নেটওয়ার্ক ও দ্বিপাক্ষিক চুক্তির সর্বোত্তম ব্যবহার করা উচিত। নীতিটা একদম সহজ হওয়া উচিত—নাগরিকত্ব যেন কোনও অপরাধীর পার পাওয়ার বর্ম বা ঢাল না হয়।
অভিযোগ রয়েছে, এই স্ক্যামাররা সোশ্যাল মিডিয়া ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিকটিমদের বিশ্বাস অর্জন করতো। প্রথমে ছোট অঙ্কের লাভ দেখিয়ে পরবর্তীকালে বড় অঙ্কের টাকা বিনিয়োগে উৎসাহিত করতো। আধুনিক ডিজিটাল জালিয়াতি ঠিক এভাবেই কাজ করে। প্রযুক্তি তো কেবল মাধ্যম, আসল খেলাটা খেলায় মনস্তাত্ত্বিক কারসাজি দিয়ে।
বাংলাদেশ সরকার বহু ডিজিটাল সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে সত্য, কিন্তু এসব উদ্যোগের সফলতা মেলা উচিত এর ফলাফল দিয়ে—কতগুলো কর্মশালা হলো বা কত হাজার লিফলেট বিলি করা হলো, তা দিয়ে নয়।
ভুয়া বিনিয়োগের সুযোগ, প্রলোভন দেখানো চাকরির অফার, এআই-সম্পাদিত কনটেন্ট এবং ভুয়া অনলাইন আইডি চেনার বাস্তবসম্মত জ্ঞান সাধারণ মানুষের থাকা দরকার। ডিজিটাল সাক্ষরতাকে সরকারের কোনও আনুষ্ঠানিক উৎসব না বানিয়ে একে নিরবচ্ছিন্ন জনসুরক্ষা কর্মসূচিতে রূপান্তর করতে হবে। সম্ভবত সাইবার স্ক্যামের সবচেয়ে বিপজ্জনক দীর্ঘমেয়াদি প্রভাব আর্থিক ক্ষতি নয়, বরং ‘আস্থা’ নষ্ট হওয়া।
বাংলাদেশ এখন ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, সরকারি অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল যোগাযোগের ওপর ভীষণভাবে নির্ভরশীল। মানুষ যদি বারবার বড় আকারের জালিয়াতির কথা শোনে এবং তদন্ত ও জবাবদিহি নিয়ে ধোঁয়াশা দেখে, তবে ডিজিটাল ব্যবস্থার প্রতি জনমানুষের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে।
এই উদ্বেগটি নির্বাচন কমিশন কিংবা আইসিটি-সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জন্যও সমান প্রযোজ্য। যদিও এই ঘটনায় নির্বাচন কমিশনের কোনও ডেটা ব্রিচ বা ক্ষতি হওয়ার প্রমাণ মেলেনি, তবে মূল বার্তাটি পরিষ্কার—যেসব প্রতিষ্ঠান স্পর্শকাতর ডিজিটাল সিস্টেম পরিচালনা করে, সাইবার হুমকি শনাক্ত করা, ঠেকানো এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যে তাদের আছে, তা বারবার প্রমাণ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি এখানে মূল চাবিকাঠি।
কক্সবাজারের অভিযানটি নিঃসন্দেহে আইন প্রয়োগকারী সংস্থার একটি বড় সাফল্য। পুলিশের গোয়েন্দা নজরদারি শেষ পর্যন্ত নেটওয়ার্কটিকে উন্মোচিত করেছে এবং সময়মতো হস্তক্ষেপের কারণে অপরাধীরা পূর্ণ মাত্রায় সক্রিয় হতে পারেনি।
কিন্তু কেবল কয়েকজন আসামি ধরে উল্লাস প্রকাশ করলে আসল উদ্দেশ্যই বাদ পড়ে যাবে। মূল প্রশ্ন এটা নয় যে পুলিশ কেন তাদের অবশেষে ধরলো। প্রশ্ন হলো—ধরা পড়ার আগে এতদিন ধরে এই নেটওয়ার্কটি কীভাবে সবার নজর এড়িয়ে ডালপালা মেলতে পারলো।
বাংলাদেশ দিন দিন প্রযুক্তিনির্ভর হচ্ছে, আর অপরাধীরা হয়ে উঠছে আন্তর্জাতিক। পরবর্তী হুমকিটি হয়তো কোনও স্পষ্ট বার্তা দিয়ে আসবে না। এটি আসতে পারে কোনও বৈধ ভিসার আবেদন, হোটেল বুকিং, অনলাইন চাকরির বিজ্ঞপ্তি, ক্রিপ্টো লেনদেন কিংবা কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ছদ্মবেশে।
কক্সবাজারের ঘটনাটি তাই বাংলাদেশের জন্য একটি বড় ওয়েকআপ কল বা সতর্কবার্তা। অপরাধ ঘটার পর কেবল ভালো সাইবার তদন্তই শেষ কথা নয়—পরবর্তী কোনও বড় অপরাধ ডালপালা মেলার আগেই, তার আগাম সংকেত বুঝে, সেটা নির্মূল করার মতো শক্তিশালী ও সমন্বিত ব্যবস্থা এখন সময়ের দাবি।
লেখক: অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক




