শিক্ষার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ

কে এম এনামুল হক
২৯ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৪:০০

বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশংসনীয় ও কার্যকর উদ্যোগ। শিক্ষায় প্রবেশগম্যতা সম্প্রসারণ এবং পরিবারের আর্থিক চাপ কমাতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শিক্ষার অধিকার নিশ্চিত করতে মূলত তিনটি পরস্পর সম্পর্কিত বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন— প্রথমত, সবার জন্য শিক্ষায় প্রবেশগম্যতা নিশ্চিত করা। দ্বিতীয়ত, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠা করা এবং তৃতীয়ত, কার্যকর শিক্ষা ব্যবস্থাপনা ও পর্যাপ্ত, ন্যায্য এবং চাহিদাভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা। এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা না করলে কেবল শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি কিংবা বিনামূল্যে পাঠ্যবই বিতরণের মাধ্যমে শিক্ষার অধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

শিক্ষার ক্রমবর্ধমান পারিবারিক ব্যয় এই তিনটি ক্ষেত্রেই আমাদের বিদ্যমান সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের প্রতিফলন। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হলেও প্রাইভেট পড়া, কোচিং, গাইড বই, খাতা-কলম, পেনসিল, স্কুল ড্রেস, জুতা, যাতায়াত, পরীক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটাতে অভিভাবকদের প্রতি বছর উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হচ্ছে। এর ফলে বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো আর্থিক চাপে পড়ছে। শহর ও গ্রামের মধ্যে, ধনী ও দরিদ্রের মধ্যে এবং ছেলে ও মেয়েশিশুর শিক্ষার সুযোগ ও ব্যয়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। শহরের বস্তি ও প্রান্তিক জনপদ, প্রত্যন্ত গ্রাম এবং দুর্গম এলাকার শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন ধরনের বঞ্চনা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে যাতায়াতের নিরাপত্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি, গৃহস্থালি কাজের চাপ এবং বাল্যবিবাহের ঝুঁকি শিক্ষার ধারাবাহিকতাকে আরও বাধাগ্রস্ত করে।

অন্যদিকে, প্রাইভেট টিউশন, কোচিং ও গাইড বইনির্ভরতা শিক্ষার ব্যয় বাড়ানোর পাশাপাশি মানসম্মত শিক্ষাকে ক্রমশ পারিবারিক আর্থিক সামর্থ্যের ওপর নির্ভরশীল করে তুলছে। এর ফলে শিক্ষা একটি মৌলিক অধিকার হওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে সামর্থ্যবান পরিবারের জন্য বাড়তি সুবিধা অর্জনের মাধ্যম হয়ে উঠছে, যা শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সামাজিক বৈষম্যকে আরও তীব্র করছে।

এখানে রাষ্ট্রের দায়িত্ব ও শিক্ষা খাতে পর্যাপ্ত সরকারি অর্থায়নের প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষা অর্থায়ন বেঞ্চমার্ক অনুযায়ী, একটি দেশের জাতীয় বাজেটের ১৫-২০ শতাংশ অথবা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪-৬ শতাংশ শিক্ষায় বরাদ্দ রাখা প্রয়োজন। বাংলাদেশ এই আন্তর্জাতিক বেঞ্চমার্কের তুলনায় এখনো অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষা খাতে অপর্যাপ্ত সরকারি বিনিয়োগের ফলে বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, মানসম্মত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম, প্রযুক্তিগত সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা কঠিন হচ্ছে। এর ফলে শিক্ষার অনেক প্রয়োজনীয় ব্যয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবারের ওপর স্থানান্তরিত হচ্ছে। তাই পরিবারের ক্রমবর্ধমান শিক্ষাব্যয়কে শুধু মূল্যস্ফীতি বা পারিবারিক আর্থিক সক্ষমতার সমস্যা হিসেবে দেখলে চলবে না; এর সঙ্গে রাষ্ট্রের শিক্ষা অর্থায়নের দায়বদ্ধতা ও অগ্রাধিকারের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

শিশুদের শিক্ষার পেছনে সরকারের প্রতিটি অর্থ বরাদ্দ কেবল ব্যয় নয়, বরং জাতির ভবিষ্যৎ মানবসম্পদ, উৎপাদনশীলতা ও সামগ্রিক উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। সুতরাং শিক্ষা খাতে পর্যাপ্ত ও কার্যকর সরকারি বিনিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।

শিক্ষার মান উন্নয়ন ও সমতা নিশ্চিত করার ক্ষেত্রেও বেশ কিছু মৌলিক চ্যালেঞ্জ রয়েছে। তথ্যপ্রযুক্তির প্রসার শিক্ষার নতুন সম্ভাবনা তৈরি করলেও ডিজিটাল বিভাজন বিদ্যমান বৈষম্যকে নতুন মাত্রা দিয়েছে। শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ডিভাইস, ইন্টারনেট ও ডিজিটাল শিক্ষাসামগ্রীর প্রাপ্যতায় যেমন পার্থক্য রয়েছে, তেমনি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও সুযোগের বড় ব্যবধান রয়েছে।

এই বৈষম্য কমাতে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষণ-শিখন প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির কার্যকর ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, প্রযুক্তিগত অবকাঠামো ও কারিগরি সহায়তা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তবে প্রযুক্তির ব্যবহার যেন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের বিকল্প না হয়ে বরং তাঁদের পাঠদানকে আরও কার্যকর এবং শিক্ষার্থীদের শিখনকে সমৃদ্ধ করে, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিনামূল্যে বইয়ের পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য খাতা-কলম, পেনসিল, অন্যান্য শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস, পুষ্টিকর স্কুল মিল এবং প্রয়োজনীয় যাতায়াত সহায়তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিতে হবে। বিদ্যালয়কে শুধু পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক না রেখে খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা, বিভিন্ন ধরনের ক্লাব, সৃজনশীলতা ও চিন্তার উন্মেষ ঘটায় এমন কার্যক্রমের প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা এবং সামগ্রিক বিকাশকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহি, অভিভাবক ও কমিউনিটির অংশগ্রহণ এবং শিক্ষার মান পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

দীর্ঘমেয়াদি, সমন্বিত ও সমতাভিত্তিক শিক্ষা পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য একটি স্বাধীন ও কার্যকর স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা প্রয়োজন। এই কমিশন শিক্ষা খাতের নীতি, অগ্রাধিকার, অর্থায়ন এবং অগ্রগতি পর্যালোচনায় ধারাবাহিক ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন, শিক্ষার্থীসংখ্যা, ভৌগোলিক অবস্থান, দারিদ্র্য ও বঞ্চনার মাত্রা বিবেচনায় নিয়ে ফর্মুলা বেসড ফাইন্যান্সিং চালু করতে হবে। এর মাধ্যমে সম্পদের বরাদ্দ অধিকতর ন্যায্য, স্বচ্ছ ও চাহিদাভিত্তিক করা সম্ভব হবে। বিশেষ করে দরিদ্র শিক্ষার্থী, দুর্গম এলাকার বিদ্যালয়, প্রতিবন্ধী শিশু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।

শিক্ষা ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে কর্মজগতের সঙ্গে সংযুক্ত করাও সমান গুরুত্বপূর্ণ, যাতে শিক্ষার্থীরা শুধু সনদ অর্জন নয়, বরং প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের যোগ্যতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪-এ অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা এবং সবার জন্য আজীবন শেখার সুযোগ নিশ্চিত করার যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে এসব চ্যালেঞ্জ মোকাবিলা অপরিহার্য। শিক্ষা যেন পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর নির্ভরশীল কোনো পণ্য না হয়ে প্রত্যেক শিশুর অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে জন্য রাষ্ট্রীয় নীতি, পর্যাপ্ত ও ন্যায্য বাজেট বরাদ্দ, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং স্থানীয় পর্যায়ের জবাবদিহিতার সমন্বয়ে একটি সামগ্রিক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

লেখক: শিক্ষা গবেষক

/এপিএইচ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট
শিক্ষার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ
শিক্ষার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ
সব উপজেলা-থানায় কাল বিক্ষোভ করবে জামায়াত  
সব উপজেলা-থানায় কাল বিক্ষোভ করবে জামায়াত  
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
সর্বশেষ সর্বাধিক