চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের একটি কক্ষের দরজা বন্ধ করে এক শিক্ষার্থীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়রের বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ছাত্রী। তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছিল। ভুক্তভোগী ছাত্রী বলেছেন, তার যে মাকড়সাভীতি আছে, তা হলের ব্লকের সবাই জানে। অথচ অভিযুক্তরা তাকে কোনো কারণ ছাড়াই রুমে ডেকে এনে তার পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেয়। এই মাকড়সা তারা আগে থেকেই একটি বাটিতে বন্দি করে রেখেছিল।
তবে অভিযুক্ত তিন শিক্ষার্থী বলেছেন, মাকড়সার প্রতি ভুক্তভোগীর তীব্র ভীতির বিষয়টি তারা আগে জানতেন না। নিছক মজা করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এ জন্য তারা ক্ষমাপ্রার্থী।
এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিযুক্তরা যা-ই বলুক না কেন, তারা জেনেবুঝেই ভুক্তভোগীর পায়ে মাকড়সা ছেড়েছে। যদি তারা শুধু মজা করতে চাইতো, তাহলে অন্য কোনও কীটপতঙ্গ দিয়েও তা করতে পারতো। কিন্তু ঠিক যে প্রাণীটিকে ভুক্তভোগী ভয় পান, তারা সেটি দিয়েই ভয় দেখিয়েছে।
মানুষের যে বিষয়ে ফোবিয়া অর্থাৎ ভীতি আছে, তা দিয়ে ভয় দেখানো হলে ওই ব্যক্তি অসুস্থ হতে পারেন, এমনকি মারাও যেতে পারেন—এই কথাটি কি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শ্রেণিতে পড়া ছাত্রীরা জানে না? যদি না জেনে থাকে, তাহলে এটি তাদের চরম নির্বুদ্ধিতা। শুধু তা-ই নয়, তারা মাকড়সার মতো নিরীহ প্রাণীটিকে বোয়ামে আটকে রেখেছে, যা প্রাণীর প্রতি করা অপরাধ।
উচ্চশিক্ষিত হিসেবে তাদের জানা উচিত, মজা করার বিষয়টি ততক্ষণ পর্যন্ত মজা, যতক্ষণ তা অন্যের জন্য ক্ষতিকর না হয়। মজা তখনই মজা, যখন দুপক্ষই আনন্দ পায়। একজনের আনন্দ যদি অন্যজনের অপমান, ভয় বা মানসিক কষ্টের কারণ হয়, তাহলে সেটি আর মজা নয়।
এই ঘটনাকে সরাসরি র্যাগিং বলা না গেলেও, এটিও একধরনের র্যাগিং। এই একটি ঘটনাই নয়, সাম্প্রতিক সময়ে র্যাগিংয়ের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দুটি ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে।
স্কুল-কলেজ পর্যায়েও র্যাগিং নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চলতি বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল-কলেজে র্যাগ ডে-র নামে বিশৃঙ্খলা বন্ধে গৃহীত পদক্ষেপের অগ্রগতি জানতে চায়। বিশেষ করে অশোভন আচরণ, ডিজে পার্টি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়।
‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র্যাগিং: মানসিক স্বাস্থ্য ও শিক্ষাগত সাফল্যের ওপর প্রভাব’ শীর্ষক একটি গবেষণা থেকে ৭৪ শতাংশ শিক্ষার্থীর র্যাগিং বা বুলিংয়ের শিকার হওয়ার তথ্যটি এসেছে। আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটি ২০২৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশের ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত হয়েছে। (সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস)
জরিপে অংশগ্রহণকারী ৯ হাজার ৪৭৪ জনের মধ্যে ৭ হাজার ১১ জন র্যাগিং ও বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই ৭৪ শতাংশকে সরাসরি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে র্যাগিংয়ের হার বলা যাবে না। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ৯৫ দশমিক ৪ শতাংশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছিলেন মাত্র ৪ দশমিক ৬ শতাংশ।
এই গবেষণায় শুধু প্রচলিত অর্থে সিনিয়রদের হাতে র্যাগিং নয়, বরং বুলিংয়ের দিকটিও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে মৌখিক, সামাজিক, শারীরিক, অনলাইন ও যৌন হয়রানিও অন্তর্ভুক্ত। এই গবেষণাটিকে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হিসেবে ধরে নেওয়া উচিত।
বুলিং হলো কোনো ব্যক্তিকে বারবার ইচ্ছাকৃতভাবে অপমান, হেয় বা মানসিকভাবে দুর্বল করার জন্য ভয় দেখানো। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে যেকোনো জায়গায় হতে পারে। এমনকি পরিবারেও বুলিং করা হয়। বুলিংয়ের ক্ষেত্রে শারীরিকভাবে হেনস্তা, দল থেকে বিচ্ছিন্ন করা ও সামাজিকভাবে অপদস্থ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বুলিং করা হয়।
র্যাগিং ও বুলিং আলাদা হলেও প্রক্রিয়ার মধ্যে মিল আছে। অনেক ক্ষেত্রে র্যাগিংয়ের নামে বুলিং, মানসিক নির্যাতন ও শারীরিক হেনস্তা করা হয়। যেমন মাকড়সা ছেড়ে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটিকে মানসিক নির্যাতন করা হয়েছে।
র্যাগিং সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের হেনস্তা করার একটি প্রবণতা। এটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রচলিত। তবে এই হেনস্তার বিষয়টি যখন মাত্রাছাড়া হয়ে যায় এবং জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন সেটি বড় ধরনের অপরাধে পরিণত হয়। র্যাগিংয়ের চাপে অনেকে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতেও বাধ্য হন। অনেকে এই তিক্ত অভিজ্ঞতার কথা গোপন করে হতাশায় ভোগেন।
র্যাগিংয়ের নামে জোর করে গান, নাচ বা অভিনয় করানো, ব্যক্তিগত প্রশ্ন করা, অপমানজনক নামে ডাকা, অশোভন পোশাক পরানো, মন্দ আচরণে বাধ্য করা, শাস্তি দেওয়া, ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা মানসিক চাপ সৃষ্টি করার মতো ঘটনা ঘটানো হয়। র্যাগিংয়ের পেছনে সাধারণত সিনিয়র-জুনিয়র ক্ষমতার অসম সম্পর্ক কাজ করে।
বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের উদ্দেশ্য হিসেবে সাধারণত বলা হয়, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং সিনিয়রদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কিন্তু বাস্তবে অধিকাংশ সময় এটি ক্ষমতা প্রদর্শন, অপমান, ভয় দেখানো ও দলবদ্ধ নির্যাতনের রূপ নেয়।
র্যাগিংয়ের কারণে ২০২৩ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ভারতজুড়ে আলোচনার জন্ম দেয়। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ঘটনাটি আমলে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জবাব চায়। কমিশন হল তদারকির অভাব ও প্রশাসনিক অবহেলার বিষয়টি উল্লেখ করে।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে। এসব সংগঠনে নতুন সদস্য অন্তর্ভুক্তির সময়ও র্যাগিংয়ের ঘটনা ঘটে। সেখানে নতুন সদস্যদের দিয়ে শারীরিক কর্মকাণ্ড করানো হয়। কাউকে কাউকে ‘শারীরিক সহিংসতা দেখানো’ ভিডিও তৈরির কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হয়।
এমনকি নতুন সদস্যদের চোখ বেঁধে রাখা ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলারও অভিযোগ পাওয়া যায়। জোর করে অতিরিক্ত অ্যালকোহল পান করানোর ফলে শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটে। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে।
কেন শিক্ষার্থীরা র্যাগিং করে? মনোবিজ্ঞানে বিষয়টিকে কীভাবে দেখা হয়? এটি অনেকটা মব করার মতো। দলের অন্যরা যখন কাউকে হেনস্তা করে, তখন অনেকেই প্রতিবাদ না করে তাদের সঙ্গে যোগ দেয়। ব্যক্তিগত বিবেচনাবোধের চেয়ে দলীয় স্বীকৃতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দলবদ্ধ অবস্থায় কেউ কেউ নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা ও নৈতিক বিচারবোধ হারিয়ে ফেলে। ফলে এমন আচরণ করে, যা একা থাকলে হয়তো করত না।
বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের পেছনে কয়েকটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কাজ করতে পারে। সিনিয়র শিক্ষার্থীরা নিজেদের ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। দলের সবাই কোনো কিছু না ভেবে এই নির্যাতনমূলক আচরণে অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতার সংস্কৃতি, দলীয় আনুগত্য এবং নির্যাতনকে স্বাভাবিক করে তোলার প্রবণতার প্রকাশ এই র্যাগিং। বিভিন্ন বাহিনী ও ক্যাডেট কলেজেও এই র্যাগিংয়ের প্রচলন আছে। র্যাগিং সমাজে এতটাই প্রচলিত এবং একধরনের অপরাধমূলক কাজ যে এটি নিয়ে হলিউড ও বলিউডে বিভিন্ন সিনেমা তৈরি হয়েছে।
নিজেরা একসময় নির্যাতনের শিকার হয়েছে বলে পরবর্তী সময়ে জুনিয়রদের সঙ্গে একই আচরণকে স্বাভাবিক মনে করে। র্যাগিংয়ের ক্ষেত্রে প্রায়ই বলা হয়, এটি বিশ্ববিদ্যালয়ের খুব সাধারণ ঘটনা, এরকম হয়েই থাকে ইত্যাদি। কিন্তু সব সময় ঘটে বলেই অপরাধমূলক কর্মকাণ্ডকে মেনে নেওয়া যায় না।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাগিং পরিস্থিতি বিশ্লেষণ করতে গেলে এই আন্তর্জাতিক উদাহরণগুলো বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ, এতে বোঝা যায়, র্যাগিং শুধু দক্ষিণ এশিয়ার সমস্যা নয়; বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর অস্তিত্ব রয়েছে, যদিও এর ধরন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া ভিন্ন।
র্যাগিং শুধু শৃঙ্খলাভঙ্গ নয়, এটিকে ক্ষমতার অপব্যবহার ও মানসিক নির্যাতনের পন্থা হিসেবে দেখতে হবে। এটি শিক্ষার্থীর মজা করা, অসংযত আচরণ কিংবা সাময়িক উচ্ছৃঙ্খলতা নয়, বরং প্রতিশোধের মানসিকতা এবং নির্যাতনকে স্বাভাবিক বলে মেনে নেওয়ার প্রবণতা।
তাই শিক্ষক বা প্রশাসনকে অবশ্যই র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে মনে হবে, সিনিয়র শিক্ষার্থী তার আচরণের জন্য সামাজিক স্বীকৃতি পাচ্ছে। এভাবে একজন নবীন শিক্ষার্থী শিখতে পারে যে বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা প্রদর্শন এবং অন্যকে অপমান করা স্বাভাবিক। পরবর্তী সময়ে সে নিজে সিনিয়র হলে একই আচরণ করতে পারে।
যখন র্যাগিংয়ের নামে কাউকে জোর করা হয়, অপমান করা হয়, ভয় দেখানো হয় কিংবা তার ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়, তখন সেটি আর কোনো নিরীহ মজা বা ঐতিহ্য থাকে না।
লেখক: যোগাযোগ বিশেষজ্ঞ ও কলাম লেখক