গুলশান-২ এ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের সময় শরীরে আগুন নিয়ে সুইমিংপুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সামা রহমান সিনহা (৩৮)। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার স্ত্রী। ওই ভবনের ১২ তলার বাসিন্দা তারা।
আহত অবস্থায় সামা রহমানকে রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা কাউকে আশঙ্কামুক্ত বলতে পারি না। সিনহা নামের রোগীর ইনহেলেশন বার্ন রয়েছে। এ ছাড়া ওপর থেকে পড়ে যাওয়ায় তার শরীরে পোড়া ছাড়াও বিভিন্ন স্থানে জখম রয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখেছি। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।’
সোমবার (২০ ফেব্রুয়ারি) সামা রহমান সিনহার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানান ডা. সামন্ত লাল সেন।
হাসপাতালে আসা সামা রহমানের স্বজনরা জানান, সামা রহমান তার পরিবারের সদস্যদের লিফটে করে নামিয়ে দেন। পরে গৃহপরিচারিকাসহ তিনি লিফটে ওঠেন। তারা সাত তলায় আসামাত্র লিফট বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় লিফটের কাচের দরজা ফাঁক করে দুজনে বের হন সাত তলায়। এ সময় আগুন সামার শরীরের পেছনের অংশে লেগে যায়। পরে তিনি বারান্দায় দৌড়ে গিয়ে নিচে সুইমিং পুলের পানিতে লাফিয়ে পড়েন।
উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন লাফিয়ে পড়ে আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ভবনের বিভিন্ন তলা থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









