বাংলাদেশের পর্যটন খাত নিয়ে আলোচনা করতে গেলে আমরা সাধারণত প্রথমেই কক্সবাজারের দীর্ঘতম সমুদ্রসৈকত, সেন্ট মার্টিনের নীল জলরাশি, বান্দরবানের পাহাড় কিংবা সিলেটের চা-বাগানের কথা বলি। কিন্তু আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়; প্রাকৃতিক সৌন্দর্য পর্যটককে আকৃষ্ট করতে পারে, কিন্তু তাকে বারবার ফিরিয়ে আনতে পারে অবকাঠামো, সেবা এবং অভিজ্ঞতা।
পর্যটনের ক্ষেত্রে নিরাপত্তা হলো প্রথম শর্ত, আর অবকাঠামো হলো সেই ভিত্তি, যার ওপর পুরো শিল্পটি দাঁড়িয়ে থাকে। একজন পর্যটক যখন কোনো দেশে ভ্রমণের সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু গন্তব্যের সৌন্দর্য বিবেচনা করেন না; তিনি ভাবেন সেখানে পৌঁছানো কত সহজ, যাতায়াত কতটা নিরাপদ, থাকার ব্যবস্থা কতটা উন্নত, চিকিৎসাসুবিধা আছে কি না, ইন্টারনেট সংযোগ কেমন, এমনকি জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া যাবে কি না।
এই কারণেই বিশ্বের সফল পর্যটন রাষ্ট্রগুলো পর্যটনকে কেবল বিনোদন শিল্প হিসেবে নয়, বরং একটি সমন্বিত অবকাঠামোগত অর্থনীতি হিসেবে বিবেচনা করেছে।
নিরাপত্তার পর অবকাঠামো কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ?
পর্যটনের ক্ষেত্রে একটি মৌলিক সূত্র রয়েছে, ‘সিকিউরিটি ক্রিয়েটস কনফিডেন্স, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েটস এক্সপেরিয়েন্স।’ নিরাপত্তা পর্যটকের আস্থা তৈরি করে, আর অবকাঠামো তার অভিজ্ঞতা নিশ্চিত করে।
সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড কিংবা মালদ্বীপের দিকে তাকালে দেখা যায়, তারা পর্যটনের জন্য প্রথমে নিরাপত্তা নিশ্চিত করেছে, এরপর বিমানবন্দর, সড়ক, রেল, নৌপথ, স্মার্ট সিটি এবং পর্যটক-কেন্দ্রিক সুবিধা গড়ে তুলেছে। বাংলাদেশের জন্যও একই পথ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই।
কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত রয়েছে, কিন্তু যদি আন্তর্জাতিক পর্যটক সহজে সেখানে পৌঁছাতে না পারেন, যদি বিমানবন্দর আন্তর্জাতিক মানের না হয়, যদি পর্যাপ্ত রিসোর্ট, স্বাস্থ্যসেবা বা পরিবহন না থাকে, তাহলে সেই সম্ভাবনা পূর্ণতা পাবে না।
বিমানবন্দর: পর্যটনের প্রথম প্রবেশদ্বার
একজন আন্তর্জাতিক পর্যটকের কাছে কোনো দেশের প্রথম পরিচয় ঘটে বিমানবন্দরে। সেখানে যদি দীর্ঘ অপেক্ষা, জটিল প্রক্রিয়া, দুর্বল সেবা কিংবা ভাষাগত সমস্যা থাকে, তাহলে তার পুরো ভ্রমণ অভিজ্ঞতার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বিশ্বের সফল পর্যটন দেশগুলো বিমানবন্দরকে কেবল পরিবহন কেন্দ্র হিসেবে নয়, বরং পর্যটন অভিজ্ঞতার অংশ হিসেবে গড়ে তুলেছে।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর আজ নিজেই একটি পর্যটন আকর্ষণ। মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর দ্বীপভিত্তিক পর্যটনের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান পর্যটন হাব।
বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। কিন্তু কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক পর্যটন গেটওয়েতে রূপান্তর করা এখন সময়ের দাবি।
সরাসরি ফ্লাইট সংযোগ বাড়াতে হবে দুবাই, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, ইস্তাম্বুল, মুম্বাই ও হংকংয়ের সঙ্গে। পাশাপাশি সিলেট, চট্টগ্রাম ও যশোর বিমানবন্দরকে আঞ্চলিক পর্যটন প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে হবে।
সড়ক ও রেল: পর্যটনের রক্তসঞ্চালন ব্যবস্থা
বিমানবন্দর পর্যটককে দেশে নিয়ে আসে, কিন্তু সড়ক ও রেল তাকে গন্তব্যে পৌঁছে দেয়। বিশ্বের কোনো সফল পর্যটন রাষ্ট্র উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া গড়ে ওঠেনি। স্পেন তার এভিই উচ্চগতির রেলব্যবস্থার মাধ্যমে পর্যটন শহরগুলোকে সংযুক্ত করেছে। সুইজারল্যান্ড পাহাড়ি অঞ্চলেও বিশ্বমানের ট্রেন নেটওয়ার্ক তৈরি করেছে। ভারত কেরালা ও গোয়ায় পর্যটন ট্রেন চালু করে ভ্রমণ অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।
বাংলাদেশেও ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার করিডরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। একইভাবে ঢাকা–সিলেট মহাসড়ক এবং পার্বত্য অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন করতে হবে। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে নিরাপদ ও পরিবেশবান্ধব সড়ক নির্মাণের পাশাপাশি দর্শনীয় রেলপথ উন্নয়নের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কারণ পর্যটক শুধু গন্তব্য দেখতে চান না; তিনি যাত্রাপথও উপভোগ করতে চান।
সমুদ্র ও জলপথ: বাংলাদেশের অপ্রকাশিত সম্ভাবনা
বাংলাদেশের অন্যতম বড় শক্তি তার দীর্ঘ উপকূলরেখা এবং নদীনির্ভর ভূগোল। কিন্তু পর্যটনের ক্ষেত্রে এই সম্পদ এখনো পূর্ণাঙ্গভাবে ব্যবহৃত হয়নি। মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড দ্বীপভিত্তিক পর্যটনের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আধুনিক ফেরি টার্মিনাল, স্পিডবোট, ক্রুজ সেবা এবং সমন্বিত দ্বীপভ্রমণ ব্যবস্থার মাধ্যমে তারা পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।
বাংলাদেশে মহেশখালী, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, নিঝুম দ্বীপ এবং কুয়াকাটাকে কেন্দ্র করে একটি সমন্বিত সামুদ্রিক পর্যটন নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। আধুনিক ফেরি টার্মিনাল, নিরাপদ নৌযান, ডিজিটাল টিকিটিং এবং আন্তর্জাতিক মানের সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা চালু করা গেলে এই খাত নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
স্মার্ট সিটি ও ইউটিলিটি: আধুনিক পর্যটনের অপরিহার্য শর্ত
বর্তমান যুগে পর্যটক শুধু একটি সুন্দর স্থান দেখতে চান না; তিনি একটি স্মার্ট ও সুবিধাসম্পন্ন পরিবেশও প্রত্যাশা করেন। অবিচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, উচ্চগতির ইন্টারনেট, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল তথ্যসেবা এখন আন্তর্জাতিক পর্যটনের মৌলিক উপাদান।
সিঙ্গাপুরের স্মার্ট নেশন উদ্যোগ এবং দুবাইয়ের সমন্বিত স্মার্ট অবকাঠামো দেখিয়েছে, প্রযুক্তি কীভাবে পর্যটন অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে পারে। বাংলাদেশেও কক্সবাজার, সিলেট, বান্দরবান এবং কুয়াকাটাকে ধীরে ধীরে স্মার্ট ট্যুরিজম জোন হিসেবে গড়ে তোলা যেতে পারে।
ডিজিটাল সাইনেজ, পর্যটন তথ্যকেন্দ্র, মোবাইল অ্যাপভিত্তিক সেবা, স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইওটি-ভিত্তিক মনিটরিং পর্যটকদের অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।
পর্যটক-কেন্দ্রিক অবকাঠামো: অভিজ্ঞতার অর্থনীতি
আধুনিক পর্যটন এখন আর শুধু দর্শনীয় স্থাননির্ভর নয়; এটি এক্সপেরিয়েন্স ইকোনমিতে রূপান্তরিত হয়েছে। পর্যটক একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা চান; থাকা, খাওয়া, বিনোদন, চিকিৎসা, সংস্কৃতি এবং স্থানীয় জীবনের সঙ্গে সংযোগ। এই কারণে আন্তর্জাতিক মানের হোটেল, ইকো-লজ, বিচ রিসোর্ট, মেডিকেল সেন্টার, থিম পার্ক, অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
থাইল্যান্ডের ফুকেট, সিঙ্গাপুরের সেন্টোসা এবং মালদ্বীপের দ্বীপভিত্তিক রিসোর্টগুলো এ ধরনের অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের সফল উদাহরণ। বাংলাদেশেও কক্সবাজারে সমুদ্রভিত্তিক বিনোদন, বান্দরবানে অ্যাডভেঞ্চার পর্যটন, সিলেটে প্রকৃতিনির্ভর অভিজ্ঞতা এবং সোনারগাঁও-পাহাড়পুরে সাংস্কৃতিক পর্যটনের সমন্বয় ঘটানো যেতে পারে।
বিদেশি বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন
বিশ্বের প্রায় সব সফল পর্যটন প্রকল্পের পেছনেই রয়েছে সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ। মারিনা বে স্যান্ডস, পাম জুমেইরা কিংবা মালদ্বীপের লাক্সারি রিসোর্ট মডেল; সব ক্ষেত্রেই পিপিপি বা বোস্ট-ধর্মী কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের জন্যও একই বাস্তবতা প্রযোজ্য।
রাষ্ট্রের ভূমিকা হবে নীতি, জমি, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা। অন্যদিকে বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীরা পুঁজি, প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক বিপণন নেটওয়ার্ক নিয়ে আসবে। তবে উন্নয়নের প্রতিটি ধাপকে টিএমপিএ, জোনিং ল এবং ক্যারিয়িং ক্যাপাসিটি নীতির আওতায় পরিচালিত করতে হবে, যাতে অবকাঠামো উন্নয়ন পরিবেশ ও সংস্কৃতির জন্য হুমকি না হয়ে ওঠে।
বাংলাদেশের জন্য বাস্তবায়ন রোডম্যাপ
প্রথম ধাপে প্রয়োজন একটি সমন্বিত পর্যটন মাস্টার প্ল্যান এবং অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো মূল্যায়ন। দ্বিতীয় ধাপে বিমানবন্দর, সড়ক, রেল, ফেরি টার্মিনাল, পানি, বিদ্যুৎ ও ডিজিটাল ইউটিলিটি উন্নয়নে বিনিয়োগ করতে হবে। তৃতীয় ধাপে আন্তর্জাতিক মানের হোটেল, রিসোর্ট, বিনোদন কেন্দ্র এবং চিকিৎসাসুবিধা গড়ে তুলতে হবে। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফ্লাইট, ক্রুজ রুট এবং বৈশ্বিক বিপণন কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।
এরপর ধীরে ধীরে স্মার্ট ট্যুরিজম নেটওয়ার্ক, ইকো-ট্যুরিজম করিডর এবং লাক্সারি ট্যুরিজম ক্লাস্টার গড়ে তোলা যেতে পারে।
উপসংহার
বিশ্বের অভিজ্ঞতা আমাদের একটি সুস্পষ্ট শিক্ষা দেয়; নিরাপত্তা পর্যটনের ভিত্তি, কিন্তু অবকাঠামো তার প্রাণশক্তি। একটি দেশ যতই সুন্দর হোক, যদি সেখানে আধুনিক বিমানবন্দর না থাকে, নিরাপদ সড়ক না থাকে, উন্নত রেল ও নৌসংযোগ না থাকে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি না থাকে, তাহলে আন্তর্জাতিক পর্যটন শিল্প কখনো পূর্ণ বিকাশ লাভ করতে পারে না।
বাংলাদেশের সামনে আজ একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে। কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান, সিলেট, মহেশখালী ও সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যদি পরিকল্পিত, নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন অবকাঠামো গড়ে তোলা যায়, তাহলে পর্যটন শুধু একটি খাত নয়, বরং জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে।
পর্যটনের ভবিষ্যৎ নির্ভর করছে একটি মৌলিক সত্যের ওপর; যোগাযোগ ও নিরাপত্তা নিশ্চিতের পর অবকাঠামো উন্নয়নই পর্যটনের মূল স্তম্ভ; আর এই স্তম্ভ যত শক্তিশালী হবে, বাংলাদেশের পর্যটন অর্থনীতির ভিত্তিও তত দৃঢ় হবে।
লেখক: সামাজিক-রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, জীবন সদস্য, বাংলা একাডেমি




