জনসংখ্যার হিসাবে গোপালগঞ্জ বাংলাদেশের তুলনামূলকভাবে ছোট জেলাগুলোর একটি। দেশের ৬৪টি জেলার মধ্যে ২৯টি জেলার জনসংখ্যা ২০ লাখের নিচে। গোপালগঞ্জ ১৩ লাখ বাসিন্দা নিয়ে ৪৯তম। কিন্তু এই ছোট জেলা এখন বাংলাদেশের বর্তমান সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, যা অনেককে শুধু বিস্মিতই করেনি, এখানে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইন-পরিপন্থী ‘সামষ্টিক শাস্তি’ প্রদানের অভিযোগও উঠেছে।
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা-রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং সমাধিস্থল হিসেবে গোপালগঞ্জের ঐতিহাসিক একটি গুরুত্ব সব সময় ছিল। আশির দশকের শুরু থেকে মুজিবের কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আসার পর থেকে গোপালগঞ্জ চলতি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জেলায় শুধু হাসিনার সংসদীয় আসনই ছিল না, গোপালগঞ্জ তাঁর দলের একটি ‘দুর্গ’ হিসেবে খ্যাতি অর্জন করে।
দু’বছর আগে ব্যাপক আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জকে ভিন্ন একটি ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। হাসিনা ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছাড়ার পর গোপালগঞ্জেই প্রথম প্রতিবাদ-বিক্ষোভ হয়, সেনাবাহিনীর সাথে ছোট-খাটো সংঘর্ষও হয়ে যায়।
গত বছর ১৬ জুলাই চব্বিশের আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের তৈরি সংগঠন এনসিপি ‘মার্চ টু গোপালগঞ্জ’ নামের কর্মসূচি হাতে নিলে জেলা সদর আবার অশান্ত হয়ে উঠে। এনসিপির নেতাকর্মীরা টুঙ্গিপারায় অবস্থিত ‘শেখ মুজিবের সমাধিস্থল ভাঙতে আসছে’, এ রকম একটি গুজব রটে যাওয়ার পর সেখানে ব্যাপক সংঘর্ষ বাঁধে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন স্থানীয় বাসিন্দা প্রাণ হারান।
অবরুদ্ধ গোপালগঞ্জ?
গত কয়েকদিনে দেখা যাচ্ছে, বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে— যা গোপালগঞ্জকে এক ধরনের ‘অবরোধের’ মুখে ঠেলে দিচ্ছে। প্রথমে জানা গেল, বাংলাদেশ রেলওয়ের ট্রেন গোপালগঞ্জ দিয়ে যাবে না, অর্থাৎ জেলার বাসিন্দারা দেশের অন্যান্য অঞ্চলের সাথে রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। জেলার জন্য সরকারি অর্থ বরাদ্দও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা সেখানকার মানুষের জন্য সরকারিসেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করবে। তবে এই ‘শাস্তিমূলক’ পদক্ষেপ শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ নেই।
সরকারের পদক্ষেপ যদি মানুষকে অবাক করে থাকে, তাহলে বেসরকারি খাতের কিছু কাণ্ড তাদের হতবাক এবং আতঙ্কিত না করে পাড়বে না। গত দু-একদিনে জানা গেছে, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল আর্থিক সেবাদাতা গোপালগঞ্জে রেজিস্টার করা অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে এই ধরনের মোবাইল আর্থিকসেবা দেশের মানুষের অর্থ লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে। একটি জেলায় এই সেবাদাতাদের সার্ভিস বন্ধ করার কারণ কী হতে পারে? এরকম ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই মশকরা করার জন্য এক সাথে এই কাজ করেনি। সরকারের নির্দেশ ছাড়া তারা এ কাজ করবে বলে মনে করার কোনও কারণ নেই।
গোপালগঞ্জের প্রতি সরকারের এ ধরনের বৈষম্যমূলক আচরণ যে আইনের চোখে অগ্রহণযোগ্য, তা বলাই বাহুল্য। বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে ২৭ ধারায় লেখা আছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’ গোপালগঞ্জের লোকজন ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা যায় না। শুধুমাত্র যারা অপরাধমূলক কাজে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া গ্রহণযোগ্য।
একইভাবে, সংবিধানের ৩৬ ধারায় আছে, ‘‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনও স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।’’ কিন্তু গোপালগঞ্জের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে এই অধিকার থেকে জেলার জনগণকে বঞ্চিত করা হচ্ছে। যদিও তাদের চলাফেরার ওপর কোনও বেআইনি নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কিন্তু রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে চলাচলের একটি পথ রুদ্ধ করা হয়েছে।
‘ওই জনপদ’
এর পেছনে কারণ হিসেবে গোপালগঞ্জের সর্ব সাম্প্রতিক ঘটনাবলির দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম গত বছরের ১০ মে নিষিদ্ধ করা হয়, যে নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। কিন্তু এ মাসের মাঝা-মাঝি সময় থেকে আওয়ামী লীগের ডাকে ‘লকডাউন’ কর্মসূচি গোপালগঞ্জ জেলায় শক্তভাবে পালন করা হয়। জেলার পুলিশ সেটা প্রতিহত করার চেষ্টা করেনি, যার কারণে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন মহলের সমালোচনার মুখে পরে। রাজপথে বিক্ষোভ, এমনকি জেলার দুটো থানা পুড়িয়ে দেওয়ার ঘটনার পরও নিরাপত্তা বাহিনী কোনও প্রাণহানিকর অ্যাকশন না নেওয়ায় সরকার প্রশংসিতও হয়েছে। অন্যদিকে, এমন কথাও বলা হয়েছে যে, বিএনপি সরকার পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না।
আলোচনা-সমালোচনা যাই হোক, বোঝা যাচ্ছে, সরকার আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে বল প্রয়োগ করে গোপালগঞ্জে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, সেরকম বল প্রয়োগ হিতে বিপরীত হতে পারে, যার উদাহরণ ২০২৪ সালের ইতিহাস ঘাঁটলেই পাওয়া যাবে। কিন্তু তার বদলে সরকার যে কৌশল অবলম্বন করেছে বলে দৃশ্যমান হচ্ছে, সেটাকে ‘কালেক্টিভ পানিশমেন্ট’ বা ‘সামষ্টিক শাস্তি’ হিসেবে দেখা যায়, যা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থি। সরকারি পদক্ষেপের আগেই প্রভাবশালী মন্ত্রীদের মন্তব্যও গোটা জেলাকে লক্ষ্য করেই দিতে দেখা যায়।
‘আমরা একটু সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে ওই জনপদের মানুষ যদি সংশোধন না হয়, সরকারের সর্বোচ্চ আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে এলাকার মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন, তা করা হবে,’ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ২০ নভেম্বর বগুড়ার এক জনসভায় জানান। অর্থাৎ শুধু আওয়ামী লীগ নয়, তিনি ‘ওই জনপদের’ মানুষকে ‘সংশোধন’ হওয়ার আহবান জানান, অন্যথায় ‘সর্বোচ্চ’ বাহিনীর বল প্রয়োগ।
ঘটনাপ্রবাহে উত্তেজিত হয়ে প্রতিমন্ত্রী হয়তো ভুলেই গেছেন ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনেই তাঁর দল বিএনপি জয়লাভ করে। নির্বাচনে ‘ওই জনপদের’ মানুষের ভোটেই বিএনপির প্রার্থীরা নির্বাচিত হন। গত দুই সপ্তাহে এমপিদের বাড়ি-ঘর এবং কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু তার জন্য দায়ী করতে হবে যারা ওইসব ঘটনায় অংশ নিয়েছিলেন, তাদের। গোটা জেলার বাসিন্দাদের নয়।
ফ্যাসিবাদী মানসিকতা
টুঙ্গিপারায় থানা হামলার দায়ে পুলিশ ৮,০২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখা গেছে— কয়েক হাজার মানুষ বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচীতে অংশ নিয়েছে। কিন্তু সরকারের পদক্ষেপ গোটা জেলার ১৩ লাখ বাসিন্দাকে লক্ষ্য করে নেওয়া হচ্ছে। রেল চলাচল বা মোবাইল আর্থিক সেবা বন্ধ করার ফলে আইনভঙ্গকারীদের ক্ষতি হতেই পারে, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ, যাদের বেশির ভাগই রাজপথে কোন কর্মসূচিতে অংশ নেয় না।
এ কথা শুধু গোপালগঞ্জের বেলায়ই প্রযোজ্য নয়; যেকোনও জেলা বা শহরে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এলাকার মানুষের অংশগ্রহণ সীমিত থাকে।
এটা বলার অপেক্ষা রাখে না যে, সরকারের নানা দায়িত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে— দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষা করা। কিন্তু একই সাথে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করা সরকারের একটি গুরুদায়িত্ব। সরকার কখনোই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারে না। বিশেষ করে, কোনও নির্দিষ্ট এলাকায় বিশৃঙ্খলা বা সহিংসতা দমনের নামে নিজ দেশের জনগণের ওপর ‘সামষ্টিক শাস্তি’ আরোপ করা স্বৈরাচারী আচরণের নমুনা; এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনও উদাহরণ হতে পারে না।
গোপালগঞ্জের বাসিন্দাদের লক্ষ্য করে এক ধরনের ভীতিকর প্রোপাগান্ডা অনেক দিন ধরেই চলে আসছে। গত বছর একজন পরিচিত অ্যাক্টিভিস্ট ঘোষণা দিয়েছিলেন, ‘গোপালগঞ্জ থাকলে বাংলাদেশ থাকবে না।’ এই ধরনের প্রচারণা গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা জায়গা এবং জেলার বাসিন্দাদের বাংলাদেশি হওয়ার অযোগ্য বলে তুলে ধরার একটি প্রয়াস বলে মনে হয়ে।
কিন্তু দেশের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে সামষ্টিগত ভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে প্রকৃত ফ্যাসিবাদী মানসিকতা, এবং তার পরিণীতি যে কী ভয়াবহ হতে পারে, তার উদাহরণ বিশ্বের সাম্প্রতিক ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে। এই বিপদ এড়ানোর জন্য শিগগিরিই এই ঘৃণামূলক প্রচারণা এবং সামষ্টিক শাস্তির নীতি থেকে সরকারের সড়ে আসা প্রয়োজন।
লেখক: একজন সাংবাদিক এবং পডকাস্টার
ইমেইল: [email protected]