বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত পার্কসমূহে পুরোদমে ব্যবসায়িক কার্যক্রম চালু হলে আগামী ২০২৫ সালের মধ্যে ৫২ হাজার এবং ২০৩০ সালের মধ্যে ২ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এই তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে হাইটেক পার্ক কর্তৃপক্ষ ১০৯টি হাইটেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক/আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। কুয়েটে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইটি ইন্ডাস্ট্রির জনবলের চাহিদা বিবেচনা করে আগামী ২০২৫ সালের মধ্যে ৬০ হাজার ৬৮০ জন এবং ২০৩০ সালের মধ্যে ১ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮০০ জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৫১টির অধিক স্টার্টআপকে ১ বছর মেয়াদি ইনকিউবেশন সুবিধা প্রদান করা হয়েছে।









