ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দক্ষিণাঞ্চলের তিনটি বিভাগে মেডিক্যাল টিম প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (১২ মে) রাতে দেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সকল স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে এক জরুরি অনলাইন সভায় এই প্রস্তুতির কথা জানানো হয়। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম সভায় বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সভায় মহাপরিচালক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুতি ও কোনও চাহিদা থাকলে তা জানতে চান। কর্মকর্তারা তাদের প্রস্তুতি ব্যাপারে মহাপরিচালককে আশ্বস্ত করেন।
প্রস্তুতির মধ্যে আছে পর্যাপ্ত মেডিক্যাল টিম গঠন, জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ, মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি করে আলাদা ওয়ার্ড নির্ধারণ, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, জরুরি প্রয়োজন ব্যতীত সকল প্রকার ছুটি বাতিল, অপারেশন থিয়েটারগুলো ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা এবং পর্যাপ্ত জরুরি ওষুধ সংরক্ষণ।
এসময় আবুল বাসার মো. খুরশিদ আলম সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু রাখা, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, মোবাইল যোগাযোগ নিরবিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় ওষুধের বাফার স্টক প্রস্তুত রাখার নির্দেশ দেন।
তিনি অধিদফতরের কর্মকর্তাদের উপকূলীয় হাসপাতালগুলোর যেকোনও চাহিদা তাৎক্ষণিকভাবে পূরণের নির্দেশ দেন। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশ দেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, অধিদফতরের কর্মকর্তারা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।









