আন্তর্জাতিক ফুটবল সূচির কোনও ম্যাচে রাশিয়ার সঙ্গে খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রবিবার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এই ঘোষণা দিয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফএ এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের প্রতি সংহতি এবং রুশ নেতৃত্বের সংগঠিত সহিংসতার সর্বাত্মক নিন্দার বাইরেও এফএ নিশ্চিত করছে আমরা অনুমেয় ভবিষ্যতের জন্য রাশিয়ার বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক সূচির খেলায় অংশ নেবো না।’ ওই বিবৃতিতে জানানো হয়, এই সিদ্ধান্তের আওতায় যেকোনও পর্যায়ের বয়সভিত্তিক এবং সিনিয়র পর্যায়ের খেলাও থাকবে।
এফএ এর ঘোষণার কিছুক্ষণের মধ্যে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু ‘প্রাথমিক পদক্ষেপের’ ঘোষণা দেয়।
এসব পদক্ষেপের মধ্যে থাকবে আন্তর্জাতিক প্রতিযোগিতার কোনও খেলা রাশিয়ার অঞ্চলে খেলা হবে না। আর রাশিয়ার ‘হোম’ ম্যাচ খেলা হবে কোনও নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শক ছাড়া।
এছাড়া রাশিয়া নামে কোনও দল কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এসব প্রতিযোগিতায় দলের নাম হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’। ফুটবল ইউনিয়ন অব রাশিয়া যেসব ম্যাচে অংশ নেবে সেগুলোতে রাশিয়ার কোনও পতাকা বা জাতীয় সংগীত ব্যবহার করা যাবে না।।
এর আগে বিশ্বকাপের একটি প্লে-অফ ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায় পোল্যান্ড। সুইডেন এবং চেক রিপাবলিকের ফুটবল অ্যাসোসিয়েশনও একই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: স্কাই নিউজ









