ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে একমত হয়েছেন। দুই নেতা ফোনালাপে এই বিষয়ে একমত হন। রবিবার ম্যাক্রোঁর কার্যালয় এলিসি প্রাসাদ একথা জানিয়েছে।
এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামী দিনে বৈঠকে বসবেন। তারা রাশিয়া, ইউক্রেন ও মিত্রদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি সম্ভাব্য সম্মেলনের বিষয়ে কাজ করবেন। যাতে ইউরোপে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা যায়।
রবিবার দুই নেতার ফোনালাপ ছিল ১০৫ মিনিট দীর্ঘ। এতে তারা একমত হয়েছেন, চলমান সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে সম্ভাব্য সবকিছু করবেন।
ম্যাক্রোঁর কার্যালয় আরও জানায়, পুতিন ম্যাক্রোঁকে বলেছেন যে, চলমান মহড়া শেষ হওয়ার পর দ্রুতই বেলারুশ সেনা প্রত্যাহার করবে রাশিয়া।
ম্যাক্রোঁ-পুতিনের ফোনালাপের পর ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, রুশ নেতার এই দাবি যাচাই করা হবে। দৃশ্যত এই বক্তব্য বেলারুশ সরকারের দাবির সঙ্গে সাংঘর্ষিক। বেলারুশ জানিয়েছে, রবিবারের পরও রুশ সেনাবাহিনী তাদের দেশে পরিদর্শন অব্যাহত রাখবে।
ইউক্রেনের উত্তর সীমান্তের কাছে বেলারুশে চলমান মহড়া শেষ হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু বেলারুশ সরকার জানিয়েছে, ইউক্রেন উত্তেজনার কারণে এই মহড়ার মেয়াদ বাড়ানো হয়েছে।
ফ্রান্স আরও জানিয়েছে, আসন্ন দিনগুলোতে তীব্র কূটনৈতিক কাজ হবে। রাজধানী প্যারিসে একাধিক আলোচনা অনুষ্ঠিত হবে।
ফোনালাপে পুতিন ও ম্যাক্রোঁ রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স ও জার্মানির মধ্যকার তথাকথিত মিনস্ক প্রটোকল বাস্তবায়ন পুনরায় শুরুর জন্য আলোচনায় একমত হয়েছেন। ২০১৪ সালের এই প্রটোকলের আওতায় পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতি চলমান রয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি









