ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র ১৮.৬ মাইল (৩০ কিলোমিটার) দূরে রয়েছে রুশ বাহিনী। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
ক্রেমলিনের ধারণা বা স্বীকারোক্তির চেয়ে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের হালনাগাদ আপডেটে বলা হয়েছে, রাশিয়া এখনও ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে পারেনি। এটি রুশ বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে।
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী সারা দেশে কঠোর প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার সর্বশেষ ভিডিও বার্তায় নাগরিকদের রাজধানী কিয়েভ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং লড়াই অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।









