রুশ বোমারু বিমান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার মিত্র বেলারুশ থেকে রুশ টিইউ-২২ বোমারু বিমান থেকে এটি ছোড়া হয়। রবিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেন।
রাজধানী কিয়েভে থাকা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধির বরাতে এ খবর জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের দুটি শহর খারসন ও বারদিয়ানস্ক অবরোধ করেছে রুশ সেনাবাহিনী। একই সঙ্গে ইউক্রেনের আরেকটি সামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এসব কথা বলেছেন।
অভিযানের চতুর্থ দিনে ইউক্রেনের বিভিন্ন দিক থেকে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। লড়াই করে যাচ্ছে ইউক্রেনের বাহিনীও।








