রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় ইউক্রেনে পৌঁছেছে বিদেশি যোদ্ধাদের প্রথম দল। বৃহস্পতিবার ফেসবুকে নিজেই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইতোমধ্যে বিদেশি স্বেচ্ছাসেবকদের স্বাগত জানাচ্ছে ইউক্রেন। ১৬ হাজার যোদ্ধা ইউক্রেনের স্বাধীনতা এবং নাগরিকদের জীবন রক্ষায় যুদ্ধের পথে আছে। বিদেশি যোদ্ধারা কোন দেশ থেকে এসেছে, জেলেনস্কি তা উল্লেখ করেননি।
এর আগে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাড়া দুনিয়ার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানায় ইউক্রেন সরকার। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ইউক্রেনকে সহায়তায় দ্রুত প্রাণঘাতী অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এরমধ্যেই কিয়েভে অস্ত্র ঢুকছে বলে খবর পাওয়া যাচ্ছে। ন্যাটো সেনা না পাঠানোর কথা জানালেও সদস্য রাষ্ট্রগুলো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিতে মিত্রদের প্রশংসা করছেন জেলেনস্কি। তিনি বলেন, আমাদের মিত্র এবং প্রকৃত বন্ধুদের কাছ থেকে প্রতিদিন নতুন নতুন গোলাবারুদ পাচ্ছি। আমরা প্রতিদিনই শক্তিশালী হয়ে উঠছি। একই দিন তিনি রুশ হামলায় ধ্বংসপ্রাপ্ত শহরগুলো পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র: সিএনএন









