আগ্রাসনকারী রুশ বাহিনী আরও ভেতরে প্রবেশ করলে স্পর্শকাতর তথ্য ও সার্ভার বিদেশে পাঠানোর প্রস্তুতির প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে ইউক্রেন সরকার। বুধবার দেশটির এক সিনিয়র সাইবার সিকিউরিটি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় বিশেষ যোগাযোগ ও তথ্য সুরক্ষা সেবা বিভাগের উপ-প্রধান ভিক্টর ঝোরা জানান, তার দফতর যেকোনও আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এর সবকিছুই নির্ভর করছে রুশ আগ্রাসনের কারণে সরকারের স্পর্শকাতর নথি কতটা ঝুঁকির মুখে পড়ছে তার ওপর।
ভিক্টর ঝোরা বলেন, আমরা মাঠ প্রস্তুত করছি। প্লান এ হচ্ছে ইউক্রেনের অভ্যন্তরেই আইটি অবকাঠামো সুরক্ষিত রাখা। আর এগুলো অন্য কোনও দেশে সরিয়ে নেওয়া ‘প্লান বি বা সি হতে’ পারে জানান তিনি। ঝোরা জানান, সরিয়ে নেওয়া কেবল তখনই সম্ভব হবে যখন ইউক্রেনীয় আইনপ্রণেতারা রেগুলেটরি পরিবর্তন অনুমোদন করবেন।
গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর ইউক্রেনের কর্মকর্তারা ইতোমধ্যে বিভিন্ন আইটি সরঞ্জাম এবং ব্যাকআপ রুশ বাহিনীর নাগালের বাইরে নিতে সেগুলো আরও সুরক্ষিত এলাকায় সরিয়ে নিতে শুরু করেছেন।
গত মাসে ভিক্টর ঝোরা জানান, ঝুঁকির মুখে পড়লে স্পর্শকাতর তথ্য রাজধানী কিয়েভের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে অন্য কোনও দেশে সেগুলো পাঠিয়ে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনা আরও একধাপ এগোনো পদক্ষেপ হবে।
ইউক্রেন ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের কাছ থেকেই তথ্য রাখার সম্মতি পেয়েছে। তবে সেসব দেশের পরিচয় প্রকাশ করেননি ভিক্টর ঝোরা। তবে তিনি জানান, এক্ষেত্রে কোনও ইউরোপীয় স্থানকেই অগ্রাধিকার দেওয়া হবে।







