ইউক্রেনের মারিউপোল শহরে যুদ্ধের সময় রাশিয়ার নৌবাহিনীর এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা তাদের কৃষ্ণ সাগর বহরের ডেপুটি কমান্ডার আন্দ্রেই প্যালি নিহতের কথা স্বীকার করেছেন।
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা রুশ নৌবাহিনীর কমান্ডার আন্দ্রেই প্যালিকে হত্যার দাবি করে। বন্দরনগরী মারিউপোল ঘিরে তুমুল লড়াই চলছে। রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়েছে শহরটি।
আন্দ্রেই প্যালি নিহতের কথা প্রথমে নিশ্চিত করেন নাখিমোভ নেভাল কলেজের সেক্রেটারি কনস্ট্যান্টিন সারেনকো। রুশ সোস্যাল নেটওয়ার্ক ভিকে-তে দেওয়া এক পোস্টে এই খবর নিশ্চিত করেন তিনি।
পরে সেবাস্তোপল অঞ্চলের এক রুশ সিনেটর এক ভিকে পোস্টে বলেন, ‘সেবাস্তোপল মারাত্মক, অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে... মারিউপোল স্বাধীনের যুদ্ধে নাৎসিদের হাতে নিহত হয়েছেন প্যালি।’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে আসছেন তিনি ‘ইউক্রেনের নাৎসিদের’ বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন।
গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার পাঁচ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন। তবে এদের মধ্যে কেবল জেনারেল আন্দ্রেই সুখভেটস্কির নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া।
সূত্র: বিবিসি







