জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, যুদ্ধের এক মাসের মধ্যে ইউক্রেনের অর্ধেকেরও বেশি শিশু বাস্তুচ্যুত হয়ে পড়েছে। দেশটিতে ৭৫ লাখ শিশু রয়েছে জানিয়ে ইউনিসেফ বলছে, প্রায় ৪৩ লাখ শিশু গৃহহারা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।
ইউনিসেফ প্রধান ক্যাথেরিন রাসেল বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শিশুদের সবচেয়ে দ্রুতগতিতে বাস্তুচ্যুত হয়ে পড়ার কারণ এই যুদ্ধ’।
ইউনিসেফ বলছে বাস্তুচ্যুত হয়ে পড়া শিশুদের প্রায় ১৮ লাখ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। আর ২৫ লাখ শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) হিসেব অনুযায়ী, ইউক্রেনে রুশ আগ্রাসনে ৭৮ শিশু নিহত এবং আরও ১০৫ শিশু আহত হয়েছে। তবে এই হিসেব শুধু জাতিসংঘের হাতে আসা তথ্যের ভিত্তিতে করা। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
ক্যাথেরিন রাসেল বলেন, ‘এটা ভয়াবহ মাইলস্টোন যার প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে পড়তে পারে।’
ইউক্রেন যুদ্ধে বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং মৌলিক সেবা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। গত চার সপ্তাহে ইউক্রেনের স্বাস্থ্য সেবার ৫২টি অবকাঠামোতে হামলার তথ্য নথিভুক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া ইউক্রেনের শিক্ষা মন্ত্রণালয় পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে হামলার দাবি করেছে।
ইউনিসেফ এর শীর্ষ কর্মকর্তা বলেন, ‘শিশুরা যেসব অবকাঠামোর ওপর নির্ভর করে, হাসপাতাল, স্কুল এবং বেসামরিক আশ্রয় কেন্দ্রে কখনোই হামলা হওয়া উচিত নয়।’
সূত্র: ইউএন নিউজ









